
খেলাটা ক্রিকেট হলে এমন পরিস্থিতিতে এতটা শান্ত, স্থির থাকা কীভাবে সম্ভব? কীভাবে সম্ভব মুখায়ব আর শরীরী ভাষাকে এতটা নিস্পৃহ করে রাখা! শেষ মুহূর্ত পর্যন্ত আশায় আশায় রেখে লঙ্কানদের যেভাবে এক ফুৎকারে উড়িয়ে দিলেন, এর চেয়ে বড় ‘চাতুরী’ আর কী হতে পারে! ক্রিকেট নয়, খেলাটা যেন পোকার। তাসের জুয়া!এখানেই অনন্য মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটকে যিনি প্রায়ই পোকার বানিয়ে ফেলেন। উত্তাল সমুদ্রে দলকে জয়ের বন্দরে পৌঁছানোর কাজটা তুলে নেন নিজের কাঁধে, সতীর্থরা পান ভরসা। লড়াইটা তখন মুখোমুখি, ব্যাটসম্যান আর বোলার। লড়াইটা তখন কৌশল, মনস্তত্ত্ব আর সামর্থ্যের। এমন লড়াইয়ে জয় পাওয়াটাকে নিয়মই বানিয়ে ফেলেছেন ধোনি। এসব আর খুব বেশি বিস্ময় জাগায় না। পরশু তবু বিস্মিত হতে হলো আরেকবার, ধোনি আরেকবার ছাড়িয়ে গেলেন মুগ্ধতার সীমা। পোর্ট অব স্পেনের জয়টা এমনই অসাধারণ, ৫২ বলে ৪৫ রানের ইনিংসটা এমনই ‘স্পেশাল!’ধোনির মানেও এই ইনিংসটা বিশেষ কিছু পারিপার্শ্বিকতার কারণে। সিম মুভমেন্ট, বিশাল স্পিন, অসম বাউন্স কিন্তু মন্থর, সব মিলিয়ে উইকেট ছিল ভীষণ দুরূহ। ধোনি উইকেটে গেলেন ৩২তম ওভারে, একে একে দেখলেন সতীর্থদের বিদায়। ৩ উইকেটে ১৩৯ থেকে ভারত হয়ে গেল ৮ উইকেটে ১৬৭, অনায়াস জয়ের সম্ভাবনা থেকে পরাজয়ের চোখরাঙানি। ধোনি পড়ে থাকলেন উইকেটে। শেষ ব্যাটসম্যান ইশান্ত শর্মা যখন উইকেটে গেলেন, তখনো ভারতের চাই ২০ রান। ধোনি আগলে রাখলেন ইশান্তকে, অনেক সিঙ্গেল নিলেন না। ভাগ্যদেবীর খানিকটা আনুচর্যও মিলল। ধোনি নিজে রানআউট হওয়া থেকে বাঁচলেন একবার, ইশান্ত দুবার বাঁচলেন পরপর দুই বলে। তার পরও ঠান্ডা মাথায় ধোনি ম্যাচটাকে নিয়ে গেলেন শেষ ওভারে। রান প্রয়োজন ১৫। বাড়তি দুটি ব্যাট নিয়ে মাঠে এলেন মুরালি বিজয় ও আম্বাতি রায়ডু। দুটি ব্যাট একসঙ্গে ধরে ‘শ্যাডো’ করলেন ধোনি, তোপ দাগানোর জন্য বেছে নিলেন একটি। বোলার শামিন্দা ইরাঙ্গা, তখন পর্যন্ত ম্যাচের অন্যতম সেরা বোলার। দারুণ দুটি বলে তুলে নিয়েছেন ভারতের প্রথম দুই উইকেট—শিখর ধাওয়ান ও বিরাট কোহলিকে।
প্রথম বলটি অফ স্টাম্পের বেশ বাইরে লেংথ বল, সর্বশক্তি দিয়ে ব্যাট হাঁকিয়েও বলের নাগাল পেলেন না। অন্য কেউ হলে হয়তো খানিকটা আতঙ্কিত হয়ে উঠতেন। ধোনি ভাবলেশহীন, পরের বলটাকেই পাঠিয়ে দিলেন কুইন্স পার্ক ওভালের সবচেয়ে উঁচু দালানের মাথায়। আতঙ্কিত তখন ইরাঙ্গাই। পরের বলে ৪ পয়েন্ট দিয়ে, চতুর্থ বলে লং অফ দিয়ে ৬। এমন ম্যাচটাও শেষ দুই বল আগে। চ্যাম্পিয়নস ট্রফির পর ত্রিদেশীয় সিরিজও জিতল ভারত।
সতীর্থরা ছুটে এসে যখন জড়িয়ে ধরছেন, ধোনির মুখে মৃদু হাসি। ধারাভাষ্যকক্ষে ইয়ান বিশপ বলছেন, ‘আনবিলিভেবল, ইনক্রেডিবল...।’ কিন্তু ‘অবিশ্বাস্য’ শব্দটাকেও যেন যথেষ্ট মনে হচ্ছিল না। ভুলে যাবেন না, এই ম্যাচে খেলারই কথা ছিল না ধোনির। হ্যামস্ট্রিংয়ের চোটে ‘ছিটকে’ গিয়েছিলেন টুর্নামেন্ট থেকে। পুরোপুরি ফিট না হয়েই খেলেছেন ফাইনাল। কিন্তু কিপিং-রানিং-ব্যাটিংয়ে পড়তে দেননি সেই ছাপ। ম্যাথুস-জয়াবর্ধনেরা তখন হতভম্ব, রাসেল আরনল্ড বলছিলেন ‘হোয়াট টু সে...।’ এটাকেই মনে হচ্ছিল সত্যি, এই ধোনির বর্ণনায় চাই নতুন কোনো শব্দ।
শেষ ওভারে ব্যাট বদলের ব্যাখ্যা দিলেন ম্যাচ শেষে, ‘২ কেজির একটা ব্যাট বেছে নিয়েছিলাম, ওই সময় অমন ভারী ব্যাটই প্রয়োজন ছিল। আমার ধারণা আমার ক্রিকেট সেন্স ভালো। শেষ ওভারে ১৫ রানের মতো একটা লক্ষ্যই আমি চাইছিলাম, কারণ বোলার অভিজ্ঞ কেউ ছিল না। এ জন্যই ম্যাথুস বা মালিঙ্গাকে আক্রমণ না করে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করেছি।’
ম্যাচে ছিল আরও অনেক কিছু। অশ্বিন-জাদেজার স্পিনে ৩০ রানে শ্রীলঙ্কার শেষ ৮ উইকেটের পতন, রোহিত শর্মার স্থিতধী ইনিংস (৮৯ বলে ৫৮), হেরাথের দারুণ বোলিংয়ে ম্যাচে প্রাণ ফেরা। কিন্তু সব ছাপিয়ে ম্যাচটি আসলে ধোনির, তাঁর ‘অতিপ্রাকৃত’ সামর্থ্যের আরেকটি উদাহরণ।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৪৮.৫ ওভারে ২০১ (সাঙ্গাকারা ৭১, থিরিমান্নে ৪৬, জয়াবর্ধনে ২২; জাদেজা ৪/২৩, ভুবনেশ্বর ২/২৪, ইশান্ত ২/৪৫, অশ্বিন ২/৪৩)। ভারত: ৪৯.৪ ওভারে ২০৩/৯ (রোহিত ৫৮, ধোনি ৪৫*, রায়না ৩২, কার্তিক ২৩; হেরাথ ৪/২০, ইরাঙ্গা ২/৫০)। ফল: ভারত ১ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মহেন্দ্র সিং ধোনি। ম্যান অব দ্য টুর্নামেন্ট: ভুবনেশ্বর কুমার।