অতিবিনয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন ডাকছে সবাইকে। রোনালদো, মেসি থেকে শুরু করে ডিয়েগো কস্তা—কাউকেই ছাড়ছে না চাইনিজ সুপার লিগ। টাকার থলে নিয়ে ফুটবলারদের পিছু পিছু ঘুরছে দেশটির ফুটবল ক্লাবগুলো। অনেকেই সেই লোভের ফাঁদে পড়েছে। কেউ ফুটবলের টানে উপেক্ষা করেছেন সে ডাক। তবে নিকোলা কালিনিচ যে কারণে যাননি, সেটা শুনলে বিস্মিতই হতে হয়—বিনয়! ক্রোয়েশিয়ার এই স্ট্রাইকারকে ফিওরেন্টিনা থেকে ৫০ মিলিয়ন ইউরোতে নিতে চেয়েছিল তিয়ানজিন কুয়ানজিয়ান। কিন্তু কালিনিচের মনে হয়েছে, তাঁকে এত দাম দিয়ে কেনাটা বাড়াবাড়ি। এ মৌসুমে ১০ গোল করা কালিনিচের দাবি, ‘আমি “হ্যাঁ” বললেই চুক্তি হয়ে যেত। কিন্তু আমার দাম এত হতে পারে না, মনে হয় না অন্য কেউ এত খরচ করত!’ ডেইলি মেইল।