অতিরিক্ত ব্যাটসম্যান খেলানোর কথা ভাবছে ভারত
গত জুনে শ্রীলঙ্কার মাটি থেকে এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছিল ভারত। আজ আরেকটি ফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির দল। এশিয়া কাপের মতো ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিততেও মরিয়া সফরকারীরা। আর এ লক্ষ্যে আজকের ম্যাসে অতিরিক্ত ব্যাটসম্যান খেলানোর কথা ভাবছে ভারত।ডাম্বুলায় ভারত অতিরিক্ত ব্যাটসম্যান খেলালে কপাল পুড়তে পারে রবীন্দ্র জাদেজার। তাঁকে বাদ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক ধোনি নিজেই, ‘যদি আমাদের মনে হয় উইকেট শুষ্ক, কঠিন নয়—তাহলে জাদেজাকে খেলাব আমরা। কিন্তু যদি মনে হয় স্পিনারেরা এ উইকেটে সুবিধা আদায় করতে পারবে না, তাহলে বাদ পড়তে হবে তাঁকে।’গত কয়েক মাস ধরে সাত নম্বরে খেলানো হচ্ছে জাদেজাকে। কিন্তু নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে পারেননি এই অলরাউন্ডার। এশিয়া কাপ বা চলতি সিরিজেও ভারতীয় দলে জাদেজার খুব একটা অবদান নেই। যার কারণে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আসার সুযোগ হয়েছে সেই বীরেন্দর শেবাগের কথা না বললে কি হয়! এ প্রতিযোগিতায় ভারতের দুটি জয়ে শেবাগ একা যে রান করেছেন, তা প্রায় বাকি ব্যাটসম্যানদের রানের কাছাকাছি। ধোনি বলছেন, ‘শেবাগ একজন স্বাধীনচেতা ব্যাটসম্যান। আমি তাঁর ওপর কোনো চাপ সৃষ্টি করতে চাই না।’ এরপর ভারতীয় অধিনায়ক যোগ করেন, ‘স্বভাবগতভাবে শেবাগ আক্রমণাত্মক ব্যাটসম্যান। আমি চাই সে নিজের মতো করে খেলুক, যেভাবে খেলছে সেভাবেই চালিয়ে যাক’।—ক্রিকইনফো