কাল পার্থে একটিও নো বল, ওয়াইড কিংবা বাই হয়নি। অতিরিক্ত খাতের ৩টি রানই লেগবাই থেকে। টেস্টে কমপক্ষে ২০০ রানের এমন পাঁচটি ইনিংস আছে, যেগুলোতে একটি রানও আসেনি অতিরিক্ত থেকে। এর মধ্যে তিনবারই বল করেছে ইংল্যান্ড। ১৮৯২ সালে মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার ২৩৬ রানের ইনিংসে ১৯১.৫ ওভার বোলিং করেও কোনো অতিরিক্ত রান দেয়নি ইংল্যান্ড। ১৯৩১ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার ২৫২ রানের ইনিংসে ১৩০.৪ ওভার বোলিংয়েও তা-ই। ১৯৬০ সালে ট্রেন্টব্রিজে ফলোঅন করতে নেমে ২৪৭ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। অতিরিক্তবিহীন ৯৪.৪ ওভার বোলিং করেছে ইংল্যান্ড। অন্য দুটো ইনিংস পাকিস্তানের। ১৯৫৫ সালে লাহোর টেস্টে ১৮৭.৫ ওভারে ৩২৮ রানে একটিও এক্সট্রা নেই। বল করেছিল ভারত। ১৯৭৩ সালে মেলবোর্নে পাকিস্তানকে ২০০ রানে অলআউট করে দেয় অস্ট্রেলিয়া। এবার অবশ্য ওভারের সংখ্যা তুলনামূলক কম—৫৭.৫। একটিও এক্সট্রা না দেওয়া সর্বশেষ অলআউট ইনিংসটি ২০০৯ সালে ডারবানে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল করেছিল ইংল্যান্ড।