অতীত ভুলে খেলতে চায় ইংল্যান্ড
নকআউট পর্বের সবচেয়ে বড় ম্যাচে কাল রোববার মাঠে নামছে ইংল্যান্ড। প্রতিপক্ষ তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি। জার্মানি বলেই ইংল্যান্ডকে লড়তে হবে ইতিহাসের সঙ্গেও। জার্মানির বিপক্ষে ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসটা যে বড় ফ্যাকাশে! তাই পঞ্চমবারের মোকাবিলায় ইতিহাস ভুলে গিয়েই মাঠে নামতে চায় ফ্যাবিও ক্যাপেলোর দল।ইংল্যান্ড-জার্মানির লড়াইয়ের ইতিহাসটা অনেক পুরোনো। বিশ্বকাপে এ পর্যন্ত চারবার দেখা হয়েছে এই দুই দলের। চারবারের লড়াইয়ে জার্মানির জয়ের সংখ্যাই অবশ্য বেশি। তিনবারই ইংলিশদের বিপক্ষে জয় তুলে নিয়েছে জার্মানরা। তবে একটি রেকর্ড ইংল্যান্ডকে স্বস্তি দিলেও দিতে পারে। জার্মানদের তিনবারের বিজয়ে দুবারই যে রয়েছে টাইব্রেকারের সহযোগিতা। ফুটবলের রেকর্ড অবশ্য বলছে এই দুটি ম্যাচ ড্র হয়েছে। কারণ, টাইব্রেকারে বিজয়কে ড্র হিসেবেই ধরা হয়। ইংল্যান্ড গর্বিত হতে পারে এ ভেবে, বিশ্বকাপে এই দুই দলের মোকাবিলায় সবচেয়ে বিখ্যাত জয়টি তাদের। ১৯৬৬ সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানদের হারিয়েই যে তারা তুলে নিয়েছিল বিশ্বকাপে তাদের একমাত্র শিরোপাটি।কালকের জার্মানি-ইংল্যান্ড ম্যাচটি নিয়ে ইতিমধ্যেই উত্তেজিত হয়ে আছে দুই দেশের সাবেক খেলোয়াড়, গণমাধ্যম থেকে শুরু করে প্রায় সবাই। উত্তেজনাটা অবশ্য জাগিয়ে দিয়েছেন জার্মান ফুটবল গ্রেট ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। তিনি এ কথা, সে কথা বলে প্রায়ই গরম করে দিচ্ছেন মিডিয়া। বেকেনবাওয়ারকে জবাব দেওয়ার জন্য মুখিয়ে আছে ইংলিশ মিডিয়া। তারা জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে জার্মানিকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে যতটা তেতে ওঠে ইংল্যান্ড আর কোনোটিতেই নাকি এমন হয় না। সর্বশেষ ১৯৯০ সালের বিশ্বকাপে ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল জার্মানির। বিশ্বকাপের অন্যতম সেমিফাইনালে সেবার অবশ্য টাইব্রেকারে হারের দুঃখ বইতে হয়েছিল তাদের। এরপর কেটে গেছে ২০টি বছর। টেমস আর রাইনে গড়িয়েছে অনেক জল, কিন্তু ফুটবলে আর ইংল্যান্ডের কোনো সাফল্য পাওয়া হয়নি। সবচেয়ে আশ্চর্যের কথা, রেকর্ড বলছে, ছেষট্টির পর ইংল্যান্ড বিশ্বকাপ তো দূরের কথা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল অবধি পৌঁছতে পারেনি। এবার দ্বিতীয় রাউন্ডে জার্মানিকে হারিয়েই ইংল্যান্ড তাদের সাফল্য বন্ধ্যাত্ব ঘোচাতে চাইছে। অতীত যা-ই হোক, তাকে ভুলেই মাঠে নামবে ইংল্যান্ড। ফুটবলের জনকদের এ যে এক আত্মগরিমার লড়াই। এ লড়াইয়ে কোনো অতীত নেই। সবটাই বর্তমান।