অতীত ভুলে সামনে তাকিয়ে মাহমুদউল্লাহ

একই দিনে তিনি নায়ক ও খলনায়ক৷ দুটোই অভাবনীয়!
নায়ক ব্যাট-বলের পারফরম্যান্সে৷ একই ম্যাচে সেঞ্চুরি ও টানা চার বলে ৪ উইকেট, আড়াই শ বছরের প্রথম শ্রেণীর ইতিহাসে মাত্র দ্বিতীয় নজির৷ কীর্তিটা আরও বেশি বিস্ময়-জাগানিয়া কীর্তিমানের কারণে, গত কয়েক মাসে তাঁর নাম এসেছে তো শুধু বাজে পারফরম্যান্সেই! অথচ এমন কীর্তিকেও প্রায় ঢেকে দিল একটি কুকীর্তি৷ উদ্যাপনে অশ্লীল অঙ্গভঙ্গি করে জড়ালেন বিতর্কে৷ কুকীর্তিটিই বেিশ অবাক করার মতো৷ কারণ বাংলাদেশের ক্রিকেটে তিনি পরিচিত শান্ত, ভদ্র, বিনয়ী হিসেবে৷ ঘটনার পরদিনই যেমন এক বিসিবি পরিচালক বলছিলেন, ‘ওর মতো বিনয়ী ছেলে এমন একটা কাণ্ড কীভাবে করতে পারল!’ মাহমুদউল্লাহ আসলেই চমকে দিয়েছেন সবাইকে৷
কাল শেন জার্গেনসেনের িবদায়ী অনুষ্ঠানে দেখা দিলেন চেনা মাহমুদউল্লাহই৷ সেদিনের প্রসঙ্গ পাড়তেই লজ্জিত, নতমুখী, ‘আবেগ ও পরিস্থিতির কারণে অনেক কিছুই অনেক সময় হয়ে যায়। গত কয়েক মাসের বাজে সময়ের হতাশার রেশ ধরেই হয়তো মুহূর্তের উত্তেজনায় অমনটি হয়ে গেছে। আমি ভীষণ অনুতপ্ত, বিব্রত৷ ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কাজে লাগাব, যেন আর না হয়৷’
কারণ যা-ই থাক, অমন কাণ্ড কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য নয়৷ নিষেধাজ্ঞা ও জরিমানা তাই যথার্থই৷ তবে মাহমুদউল্লাহর কথায় উঠে আসা ‘হতাশা’ নিয়ে কোনো সংশয় নেই৷ গত কয়েক মাসে মাহমুদউল্লাহ আর হতাশা তো ছিলেন সমার্থক! নিজে হতাশ হয়েছেন, হতাশ করেছেন সতীর্থ, অধিনায়ক, নির্বাচক, টিম ম্যানেজমেন্ট, গোটা দেশের ক্রিকেটকেই৷ জানুয়ারির শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু করে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ-মাহমুদউল্লাহর পারফরম্যান্স েযন বাংলাদেশ দলেরই প্রতীক৷ দুঃসময় কেড়ে নিয়েছে সহ-অধিনায়কত্ব৷ দল খারাপ করছিল বলে আরও আলাদা করে চোখে পড়ছিল তাঁর ব্যর্থতা৷ গত কয়েক মাসে বাংলাদেশে সবচেয়ে বেশি উচ্চারিত প্রশ্ন সম্ভবত, ‘মাহমুদউল্লাহ কেন দলে?’ ম্যাচের পর ম্যাচ বাজে পারফরম্যান্সের পরও একাদশে টিকে গেছেন, অধিনায়কের সমর্থন পেয়েছেন৷ ক্রিকেটীয় কারণ অনুসন্ধানে তল না পেয়ে অনেকে মাঠের বাইরে হিসাব মিলিয়েছেন৷ কিছুদিন আগেই যে আত্মীয়তার একটি সম্পর্ক গড়ে উঠেছে অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে!
মাহমুদউল্লাহর কানে এসব না যাওয়ার কারণ নেই৷ এমনিতেই বাজে ফর্মে জেরবার, তাতে আরও নুন ছিটিয়েছে যেন এসব৷ কষ্ট পেয়েছেন, তবে কোনো অভিয়োগ নেই, ‘মাঠে শুনতে হয়েছে, গ্যালারি থেকে অনেকে বলেছে, মাঠের বাইরে শুনতে হয়েছে৷ কারও ব্যক্তিগত জীবন নিয়ে এমন মন্তব্য করা উচিত নয়। মুশফিক অনেক আগে থেকেই আমার ভালো বন্ধু, এখন নতুন একটা সম্পর্ক হয়েছে৷ কিন্তু সম্পর্কের কারণে ক্রিকেটে কোনো সংঘর্ষ নেই, সুবিধাও নেই৷ মাঠের জীবন মাঠে, পারিবারিক জীবন পরিবারে৷ আত্মীয়তার সম্পর্ক যেহেতু হয়েছে, হয়তো ভবিষ্যতেও অনেকে বলবে৷ আমার তো কিছু করার নেই৷ জীবনে অনেক ব্যাপারই আছে অভিযোগ করার সুযোগ নেই৷’
তবে কথার কাঁটার েচয়েও তাঁকে কষ্টটা বেশি দিয়েছে নিজের ব্যর্থতা৷ একেক দিন আউট হয়ে ড্রেসিংরুমে বিষণ্ন বসে থাকতেন৷ পরের ম্যাচে আরও লম্বা হতো দুঃসময়, ‘গত ৪-৫ মাস আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। বিশ্বকাপে দল প্রত্যাশামতো ভালো করতে পারেনি। নিজেকেই অপরাধী মনে হতো৷ দল ও দেশের কাজে আসতে পারলাম না। বোলিং ভালোই হচ্ছিল৷ কিন্তু নিজেকে যেহেতু ব্যাটিং অলরাউন্ডার ভাবি, ব্যাটিং-ব্যর্থতাই এক মুহূর্ত স্বস্তি দিচ্ছিল না। হতাশায় আচ্ছন্ন হয়ে পড়েছিলাম৷’
এমনিতে ড্রেসিংরুমে আমুদে চরিত্রের, কিন্তু বাজে সময়ের থাবা তাঁকে করে দিয়েছিল ভীষণ অন্তর্মুখী, ‘পারফরম্যান্স ঠিক না থাকলে কিছুই ভালো লাগে না। আমার পেশা বলেন, প্যাশন-ভালোবাসা-সবই ক্রিকেট। সেটা ঠিকঠাক না হলে কিছুই ভালো লাগে না৷’ ব্যাটিং-ব্যর্থতার জাল ছিঁড়তে নেটে বাড়তি খেটেছেন৷ কোচিং স্টাফদের সঙ্গে কাজ করেছেন, অনেকের পরামর্শ নিয়েছেন, সেরা সময়ের ভিডিও দেখে সেই সময়ের মানসিকতা ফেরানোর চেষ্টা করেছেন৷ কিছুই কাজে দেয়নি৷ সমস্যার জায়গাটা মনে হয় এত দিনে বুঝতে পেরেছেন, ‘আজকে পুল শটে আউট হলাম, পরদিন সোজা বলে এলবিডব্লু, পরের ম্যাচে অন্যভাবে...বুঝতেই পারছিলাম না কী করব। সব তালগোল পাকিয়ে ফেলছিলাম, এটা করব না ওটা...এর কথা শুনব না তার কথা...৷ গত ৪-৫ মাসের মতো চাপে জীবনে কখনো ছিলাম না৷ অনেক কিছু দেখলাম, শিখলাম৷ পরে বুঝতে পারলাম মেন্টাল অ্যাপ্রোচটা গুরুত্বপূর্ণ। খারাপ সময় আমাকে এই শিক্ষা দিয়েছে যে সিম্পল থাকতে ও ভাবতে পারলে সবকিছু অনেক সহজ হয়ে যায়। জটিল করে ভাবলেই জটিল৷’
এখন থেকে তাই সবকিছু ‘সিম্পল’ করে ভাবতে চান মাহমুদউল্লাহ৷ আর মনের কোণে বেঁধেছেন একটি স্বপ্ন, ‘আপাতত আগামী মাসের ভারত সিরিজে দলে থেকে জায়গা আবার পাকা করতে চাই৷ আর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বিশ্বকাপে বাংলাদেশের জন্য স্পেশাল কিছু করতে চাই।’