অতীত হোক জয়ের প্রেরণা: সুয়ারেজ
রেকর্ড ১৪ বারের ‘কোপা গর্ব’ তাদের দখলে। তার পরও উরুগুয়ে বিশ্ব ফুটবলের শক্তি নয়। অথচ ১৯৩০ সালে তারাই প্রথম বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল। ১৯৫০ সালে মারকানায় বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের কাছে হেরে ব্রাজিলের স্বপ্ন ভঙ্গ হওয়া এখনো ফুটবল ইতিহাসের অংশ। মাঝখানের দীর্ঘ বিরতি। এ প্রজন্মের অনেকেরই কাছে উরুগুয়ে ইতিহাসের এক ধূসর পাতা। গত বছর বিশ্বকাপ থেকে শুরু হয়েছে লাতিন আমেরিকার এ দেশটির নতুন করে পথ চলা। সেমিফাইনালে খেলে উরুগুয়ে এখন স্বপ্ন দেখছে বিশ্ব ফুটবলের নতুন এক শক্তি হয়ে ওঠার। এবারের কোপা আমেরিকা প্রতিযোগিতায়ও বিশ্ববাসী দেখেছে গত বিশ্বকাপেরই ধারাবাহিকতা। সেই ধারাবাহিকতায় ফোরলান, সুয়ারেজদের উরুগুয়ে এখন কোপার ফাইনালে। পঞ্চদশবারের মতো কোপা আমেরিকার ট্রফি জিতে নিজেদেরকে সবার ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে যাওয়া এখন কেবলই সময়ের ব্যাপার।ইতিহাস উরুগুয়ের যতই গৌরবমণ্ডিত হোক, দলের খেলোয়াড়েরা সেসব নিয়ে এ মুহূর্তে একেবারেই মাথা ঘামাতে নারাজ। তাঁদের হূদয়জুড়ে কেবল একটিই আকাঙ্ক্ষা—যেকোনো মূল্যে কোপার শিরোপা জিতে নিজেদের গৌরবকে পুনরুজ্জীবিত করা। ‘আমরা অতীতকে একেবারেই ভুলে যাইনি। তবে এ মুহূর্তে আমরা বর্তমান নিয়ে ভাবছি। আমাদের গৌরবোজ্জ্বল অতীত হোক বর্তমান বিজয়ের প্রেরণা।’ মন্তব্য সেমিফাইনালে জোড়া গোল করে দলকে ফাইনালে তোলা লুইস সুয়ারেজের।এ মুহূর্তে কোপা আমেরিকা প্রতিযোগিতার শীর্ষ গোলদাতার স্থান নিয়ে আর্জেন্টাইন সার্জিও অ্যাগুয়েরোর সঙ্গে তুমুল লড়াই চলছে সুয়ারেজের। দুজনের খাতাতেই রয়েছে তিনটি করে গোলের হিসাব। অ্যাগুয়েরো এ প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন। সুয়ারেজের সামনে সুযোগটা তাই অবারিত। ফাইনালে একটি গোল করতে পারলেই কোপার শীর্ষ গোলদাতার মুকুটটা পড়বেন এই উরুগুইয়ান স্ট্রাইকারই।তবে সুয়ারেজ এসব ব্যক্তিগত ব্যাপারস্যাপার নিয়ে একেবারেই ভাবছেন না। শীর্ষ গোলদাতার গৌরব তাঁর কাছে মুখ্য নয়। তিনি মনপ্রাণ দিয়েই ভাবছেন দেশের গৌরবের কথা। কারণ, অনেক দিন পর সুযোগটা এখন হাতের মুঠোয়।গত বছরই হল্যান্ডের আয়াক্স আমস্টারডাম ছেড়ে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলে। তিনি বলেছেন, ‘উরুগুয়ের এ সাফল্যের পেছনে রয়েছে কোচ অস্কার তাবারেজের ঐকান্তিক প্রচেষ্টা আর পরিশ্রম।’সুয়ারেজের মতে, ‘কোচ তাবারেজের ভূমিকা দারুণ—এতে কোনো সন্দেহ নেই। তবে সাম্প্রতিক সময়ে উরুগুয়ের বয়সভিত্তিক দলগুলো দারুণ পারফরম্যান্স করছে। পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার ফলটা খুব ভালোভাবে অনুভূত হচ্ছে উরুগুইয়ান ফুটবলে।’ তিনি আরও বলেন, ‘আমাদের অনূর্ধ্ব-২০ দল লন্ডন অলিম্পিকে কোয়ালিফাই করেছে। বিশ্ব যুব ফুটবলে অনূর্ধ্ব-১৭ দল রানার্স আপ হয়েছে। ভবিষ্যতে বিশ্ব ফুটবলের একটা শক্তি হয়ে ওঠার সব রসদই আমাদের ঘরে জমা রয়েছে।’উরুগুয়ের আরও একটি শক্তির পরশ অনুভব করছে ফুটবল বিশ্ব। ২০১৪ বিশ্বকাপকে সামনে রেখে যখন আর্জেন্টিনা ও ব্রাজিল নিজেদের নতুন করে তৈরি করছে, উরুগুয়ে তখন টইটুম্বুর ভালো মানের খেলোয়াড়ের সমন্বয়ে। ব্যাপারটি সুবাতাসই এনেছে দেশটির ফুটবলে। তবে সব কথার শেষ কথা এসে দাঁড়াচ্ছে সেই কোপা আমেরিকাতেই। সবকিছুর আগে এ প্রতিযোগিতায় জিততে হবে—উরুগুয়ের ফুটবলারদের তাই চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা। ওয়েবসাইট।