অতীত হয়ে গেলেন টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার

অতৃপ্তি খানিকটা রয়েই গেল। শচীন টেন্ডুলকারের বিদায়ী মঞ্চে মঞ্চস্থ একেপেশে নাটকে ওয়েস্ট ইন্ডিজ হেরে গেল ইনিংস ব্যবধানে। মাত্র আড়াই দিনে সাঙ্গ হওয়া টেন্ডুলকারের বিদায়ী টেস্টটা রেখে গেল প্রতিদ্বন্দ্বিতা-বিহীন শূন্যতা, সর্বকালের সেরা ব্যাটসম্যানকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে না পারার আক্ষেপ। এই আক্ষেপ আর শূন্যতা নিয়েই ক্রিকেটের সর্বকালের সেরা খেলোয়াড়টিকে আনুষ্ঠানিকভাবে ‘বিদায়’ বলল ক্রিকেট বিশ্ব। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাত্র আড়াই দিনে ক্যারিবীয়রা ইনিংস ও ১২৬ রানে হেরে যাওয়ার মধ্য দিয়ে সমাপ্তি ঘটল ক্রিকেট ইতিহাসের এক অধ্যায়ের। আর কোনো দিন ব্যাট হাতে প্রতিপক্ষকে ‘খুন’ করতে দেখা যাবে না কিংবদন্তিকে, আর কোনো দিন ‘লিটল মাস্টার’-এর ব্যাটিং-সুধা মোহগ্রস্ত করবে না ক্রিকেটপ্রেমীদের। ক্রিকেটের ইতিহাসে শচীন টেন্ডুলকার আজ থেকে অতীত।
খুব স্বাভাবিকভাবেই ক্রিকেটকে বিদায় দিলেন শচীন টেন্ডুলকার। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাতে তুলে নিলেন একটা স্টাম্প। ভারতীয় খেলোয়াড়দের গার্ড অব অনারের ছায়ায় ধীরে ধীরে ফিরলেন প্যাভিলিয়নে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিলের আবেগঘন এক বক্তৃতা। সেই বক্তৃতা কাঁদাল তাবৎ ক্রিকেটপ্রেমীকে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শকদের গগনবিদারী স্লোগান যেন টেন্ডুলকারের বিদায়ী হাহাকার ছড়িয়ে দিল গোটা ক্রিকেট বিশ্বেই।
আবেগের এই টেস্ট ম্যাচ যে একপেশে হতে যাচ্ছে, সেটা জানা হয়ে গিয়েছিল প্রথম দিনেই। নিজেদের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৮২ রানে অলআউট হয়ে গেলে সবাই প্রমাদ গুনেছিলেন আরও একটি একপেশে টেস্টের। কেউ কেউ শঙ্কিত ছিলেন শেষ টেস্টে শচীন টেন্ডুলকারের ব্যাটিং ঠিকমতো উপভোগ করার বিষয়েও। সেদিক দিয়ে অবশ্য একটা তৃপ্তির দিক আছে। নিজের শেষ টেস্ট ইনিংসে তিনি খেলেছেন ৭৪ রানের ইনিংস। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ থাকলেও সেই আক্ষেপ ছাড়িয়ে হাহাকার ছড়িয়েছে টেন্ডুলকারকে আরও একটি ইনিংসে ব্যাট হাতে না দেখতে পারার দুঃখ।

শচীন টেন্ডুলকারের ৭৪ রানের ইনিংসে ঢাকা পড়েছে চেতেশ্বর পুজারা আর রোহিত শর্মার সেঞ্চুরি দুটি। অভিষেক সিরিজে পর পর দুই টেস্টে সেঞ্চুরি করার বিশেষ কীর্তি গড়েও রোহিত নিশ্চয়ই খুশি টেন্ডুলকারের ছায়ায় বন্দী থাকতে। দুই ইনিংস মিলিয়ে প্রজ্ঞান ওঝার ১০ উইকেটও খুব একটা আলোচনায় নেই ক্রিকেট গ্রেটের বিদায়ী টেস্টে। কিংবদন্তির বিদায় যে ভুলিয়ে দিয়েছে অন্য সবকিছুকে।

সম্মানিত বোধ করছে ওয়েস্ট ইন্ডিজ দলও। ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটারের বিদায়লগ্নের অংশ হওয়াটা নিশ্চয়ই তাদের আপ্লুত করেছে। কিন্তু মাঠে নিজেদের পারফরম্যান্সটা নিয়ে চিন্তিত হওয়ার যথেষ্টই কারণ আছে তাদের। পর পর দুই টেস্টে ইনিংস হারের লজ্জাটা ওয়েস্ট ইন্ডিজ নামটির সঙ্গে যথেষ্টই অসামঞ্জস্যপূর্ণ।

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একাই লড়ে গেছেন দীনেশ রামদিন। তাঁর ৫৩ রানের ইনিংস ক্যারিবীয়দের ভয়াবহ লজ্জার হাত থেকে বাঁচিয়েছে কেবল। রামদিনের পাশাপাশি ১৫০তম টেস্ট খেলতে নামা শিবনারায়ণ চন্দরপালের ৪১ রানের ইনিংসটিও কম গুরুত্বপূর্ণ নয়।

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দিয়েছেন ওই প্রজ্ঞান ওঝা। ৪৯ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। রবিচন্দ্রন অশ্বিনও কম যান না। তাঁর শিকার ৪ উইকেট ৮৯ রানের বিনিময়ে। দুই ইনিংসে ওঝা আর অশ্বিন নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন ১৭টি উইকেট। টেন্ডুলকারের বিদায়ী টেস্টে এই দুই স্পিনারের হাতেই বিধ্বস্ত ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ।