অতীতে ভুল করেছি, বললেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোর সঙ্গে মৃত্যুঞ্জয়ী পোলিশ বালক দাবিদের প্রিয় মুহূর্ত।
রোনালদোর সঙ্গে মৃত্যুঞ্জয়ী পোলিশ বালক দাবিদের প্রিয় মুহূর্ত।

রিয়ালের সাদা জার্সিতে দুরন্ত গতিতে ছুটছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এত দিন একটি প্রশ্নই ভেসেছে বাতাসে, ব্যক্তি রোনালদোর মনটা কি জার্সির মতো সাদা? উদ্ধত ভাবভঙ্গি, প্রচণ্ড অহংবোধের কারণেই এমন প্রশ্ন। পর্তুগিজ উইঙ্গারের গায়ে সেঁটে থাকা এসব নেতিবাচক শব্দ গা থেকে ঝরে পড়তে শুরু করেছে ক্রমেই। রোনালদোর উদার মনের পরিচয় মিলছে হামেশাই।
গত পরশু রাতে কোপা ডেল’রের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা ভুলে হাত মেলালেন লিওনেল মেসির সঙ্গে। তবে সেটি স্রেফ সৌজন্যতা নয়। বরং তাতে ছিল বন্ধুতার আবাহন। শুধু কি তা-ই, কদিন আগে জীবন-মরণের সন্ধিক্ষণে থাকা এক শিশুর চিকিত্সায় বাড়িয়ে দিয়েছেন উদার হাত। মৃত্যুঞ্জয়ী পোল্যান্ডের ১৪ বছর বয়সী কিশোর দাবিদকে বার্নাব্যুতে নিজ খরচে খেলা দেখার সুযোগ করে দিয়েছেন।
নিজের উদ্ধত ভাবভঙ্গির জন্য আগে প্রায় সমালোচনার মুখে পড়তে হতো সিআর সেভেনকে। কিন্তু এখন তিনি সংবাদের শিরোনাম হচ্ছেন মহানুভবতার জন্যই। একসময় নিজের অনেক আচরণ যে সঠিক ছিল না, সে কথা অবলীলায় স্বীকারও করে নিয়েছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। মানুষ হিসেবে অনেক বদলে গেছেন বলেই দাবি রোনালদোর, ‘আমি অনেক ভুল করেছি। তবে আমি এখন আগের চেয়ে অনেক ভালো খেলোয়াড়ই শুধু হয়নি, অনেক ভালো একজন মানুষও হয়েছি।’
সবকিছু বদলে গেলেও একটা জিনিস যে কখনোই বদলাবে না সেটা বেশ জোরের সঙ্গেই স্মরণ করিয়ে দিয়েছেন। আর সেটা সেরা হওয়ার আকাঙ্ক্ষা, ‘আমি সব সময়ই সেরা হতে চাই। সফল হতে চাই। আর এটা কখনোই বদলাবে না। ভালো পারফরম্যান্স দেখানোর জন্য নিজের ওপর অনেক চাপ দেই।’
ক্রমেই নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন পর্তুগিজ উইঙ্গার। নিজের সাফল্যের রহস্য জানাতে গিয়ে রোনালদো বলেছেন কঠোর পরিশ্রমের কথা, ‘আমি সেরা খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে দেখে উপলব্ধি করেছি যে ভালো খেলোয়াড় আর একজন তারকা খেলোয়াড়ের মধ্যে ব্যবধান গড়ে দেয় কঠোর পরিশ্রম।’