অতীতেরই পুনরাবৃত্তি আর্সেনালের
এই বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ মুখোমুখি হয়েছিল আর্সেনাল-টটেনহাম। সেই ম্যাচে আর্সেনালের জয়টা ছিল ৫-২ গোলে। কী অদ্ভুত কাকতাল, সেই এমিরেটস স্টেডিয়ামে কালকের ফলটাও ঠিক তা-ই, ৫-২! কাকতালের শেষ এখানেই নয়, গতকালও গোল খেয়েই দারুণভাবে ম্যাচে ফেরে আর্সেনাল। দুই ম্যাচেই আবার গোল করেছিলেন আদেবায়োর। তবে কাল তাঁর করা গোলের স্মৃতি ম্যাচ শেষে হয়তো ফিকেই হয়ে গেছে। ১০ মিনিটে যখন সাবেক ক্লাবের বিপক্ষে গোল করলেন, তখনো ম্যাচে ভালোভাবেই ছিল স্পাররা। কিন্তু আট মিনিট পরেই নায়ক থেকে এক ধাক্কায় হয়ে গেলেন খলনায়ক। মুহূর্তের খেয়ালিপনায় আর্সেনাল মিডফিল্ডার সান্তি কাজোরলাকে দুই পা দিয়েই ট্যাকল করে পান লাল কার্ড।গতকাল গ্যালারি আলো করে ছিলেন থিঁয়েরে অঁরি, সল ক্যাম্পবেল, রবার্ট পিরেসরা। তাঁদের উপস্থিতি শেষমেশ পয়মন্ত প্রমাণিত হয়েছে। টটেনহাম ১০ জনের দল হওয়ার আগে খেলাটা সমানে-সমানেই হচ্ছিল। কিন্তু একজন বেশি নিয়ে গানাররা রীতিমতো চেপে ধরে প্রতিবেশীদের। গোল শোধেও দেরি হয়নি, ২৪ মিনিটে মারটেসেকারের গোলে সমতা। প্রথমার্ধেই পোডলস্কি ও জিরুর গোলে ৩-১-এ এগিয়ে যায় আর্সেনাল। ৬০ মিনিটে কাজোরলার গোলে ৪-১। ৭১ মিনিটে গ্যারেথ বেল একটা গোল শোধ দিলেও ম্যাচের অন্তিম সময়ে ওয়ালকটের গোলে ফিরে আসে আগের সাক্ষাতের স্মৃতিটাই। অন্য ম্যাচে লুইস সুয়ারেজের জোড়া গোলে লিভারপুল ৩-০ গোলে হারিয়েছে উইগানকে। ম্যানচেস্টার সিটি অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। দুটি করে গোল করেছেন সার্জিও আগুয়েরো ও কার্লোস তেভেজ। ওয়েস্টব্রমের কাছে চেলসি হেরে গেছে ২-১ গোলে। এই প্রতিবেদন লেখার সময় নরউইচের বিপক্ষে লড়ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েবসাইট।