অতৃপ্তি ঘোচাতে চায় স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর ছয়েক আগেও স্পেনের ‘ট্রফি কেবিনেট’-এ বলার মতো ট্রফি ছিল একটিই—১৯৬৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা। সে এক সুদূর অতীতই হয়ে পড়েছিল। তবে ছয় বছর ধরে ছবিটা বদলাতে শুরু করে, এই সময়ে স্পেন দুবার মাথায় তুলেছে ইউরোর শ্রেষ্ঠত্বের মুকুট। সবচেয়ে বড় যেটি, সেই বিশ্বকাপও উঠে গেছে স্পেনের ট্রফিঘরে। অথচ একটা শিরোপা এখনো অধরাই রয়ে গেছে স্পেনের—কনফেডারেশনস কাপ! ব্রাজিলে ১৫ জুন শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। যে করেই হোক, এবার এই শিরোপা স্পেনের চাই-ই চাই।

সাম্প্রতিক সময়ে স্পেন যেমন খেলছে, কনফেডারেশনস কাপের অন্যতম বড় দাবিদার তারাই। ভিসেন্তে দেল বস্কের দল শুধু কাগজে-কলমে ফেবারিট নয়, এটা মাঠেও দেখাতে চান খেলোয়াড়েরা। মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার কণ্ঠে ঝরে পড়ছে আত্মবিশ্বাস, ‘এই একটা টুর্নামেন্ট এখনো স্পেন জিততে পারেনি। তাই এবার আমরা ভালো খেলে কনফেডারেশনস শিরোপা জিততে চাই।’

দুটি ইউরো ও বিশ্বকাপজয়ী দলের ১২ জন ফুটবলার এই কনফেডারেশনস কাপের স্প্যানিশ দলেও আছেন। তাঁদেরই একজন সার্জিও রামোস। ব্রাজিলে সাফল্য পেতে ব্যাকুল এই ডিফেন্ডার অবশ্য একটু সতর্কও, ‘আমাদের দলটা ভালো এবং আমরা ভাগ্যেরও সহায়তা পাই। তবে শিরোপার দাবিদার ব্রাজিলও। তাই শেষ পর্যন্ত কী হবে, আগেই বলা যাচ্ছে না।’ রয়টার্স।