অতৃপ্তির রঙ ‘কমলা’
জেতা দল নিজেদের গুনগান গাইবে, হারা দল শোক করবে—এই তো স্বাভাবিক। স্বাভাবিক ব্যাপারটা একটু বদলে গেল। বদলে দিল হল্যান্ড। দ্বিতীয় পর্বে দাপটের সঙ্গে স্লোভাকিয়াকে হারিয়ে ১২ বছর পর বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে উঠে গেল হল্যান্ড। তার পরও ডাচ কোচ-খেলোয়াড়দের মধ্যে উল্লাস-উৎসবের কোনো লক্ষণ নেই। সবার মুখে একটাই কথা, উন্নতি করতে হবে। এই কথার কারণ অনুমান করা শক্ত নয়—পরের ম্যাচে হল্যান্ডের প্রতিপক্ষের নাম যে ব্রাজিল!তবে কোচ বার্ট ফন মারউইকের কথা শুনে মনে হলো এখনই ব্রাজিল ম্যাচের দিকে তাকাচ্ছেন না তিনি, তাঁর অতৃপ্তি গত ম্যাচ নিয়েই, ‘আমাদের আরও বড় ব্যবধানে জেতা উচিত ছিল। কখনো কখনো তো মনে হয়েছে এই বুঝি স্লোভাকিয়া খেলায় সমতা এনে ফেলল! অথচ ওই সময়ই আমাদের তিন থেকে চার গোলে এগিয়ে থাকা উচিত ছিল। শেষ পাসটা বেশির ভাগ সময়ই ভালো ছিল না। প্রথমার্ধে তো এটা একটা দুর্বলতাই হয়ে দাঁড়াল। তবে দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি আমরা। সুযোগগুলো অবশ্যই কাজে লাগানো উচিত ছিল।’আত্মসমালোচনায় বিভোর মারউইক জয়ের জন্য কৃতিত্ব দিচ্ছেন গোলরক্ষক মার্টিন স্টেকেলেনবার্গকে! গোলরক্ষক রুখে না দাঁড়ালে খেলার ফল অন্য রকমও হতে পারত বলে মনে হচ্ছে তাঁর, ‘আমাদের দ্বিতীয় গোল খেলার ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। কিন্তু অনেকগুলো সেভ করে মার্টিনই আসলে আমাদের বাঁচিয়ে দিয়েছে। ও সেভগুলো না করা পর্যন্ত স্লোভাকিয়াকে বিপজ্জনক মনে হচ্ছিল।’এই জয় দিয়ে টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকল হল্যান্ড। নিজেদের ইতিহাসে দীর্ঘতম অপরাজিত অধ্যায়। বাছাইপর্বের পর বিশ্বকাপ মূল পর্বেরও সবগুলো ম্যাচ জিতল তারা। তার পরও নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারছে না হল্যান্ডের কেউ।অসন্তুষ্টির কথা বলেছেন এই ম্যাচের নায়ক আরিয়েন রোবেনও। খেলায় আরও উন্নতির সুযোগ দেখছেন তিনি। এ স্লোগানে কণ্ঠ মিলিয়েছেন ডির্ক কিউটও। তিনি যুক্তি দিচ্ছেন, এবার তাঁদের নিয়ে প্রত্যাশাটা বেশি বলেই উন্নতিও বেশি করতে হবে, ‘এখনো পর্যন্ত চার ম্যাচেই জিতেছি, এটা ভালো ফলই। কিন্তু এবার প্রত্যাশাটা বেশি। ইউরো-২০০৮-এ আমাদের ওপর প্রত্যাশা ছিল না। কিন্তু এবার যেহেতু প্রচুর ম্যাচ জিতছি, তাই প্রত্যাশাও বেশি।’এই প্রত্যাশার চাপ নিয়েই ব্রাজিলের সামনে দাঁড়াতে হবে হল্যান্ডকে। ব্রাজিলের বিপক্ষে কী হবে, তা নিয়ে ম্যাচের আগে কিছু বলার সাহস পাচ্ছেন না কোচ মারউইক। কিন্তু চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত তিনি, ‘কোয়ার্টার ফাইনাল দুর্দান্ত একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমরা এখন বিশ্বের তিন নম্বর দল (আসলে ফিফা র্যাঙ্কিংয়ে ৪ নম্বর)। অতীতে আমরা দেখিয়েছি, আমরা জিততে পারি। এখানেও আমরা সেটা দেখাচ্ছি।’হল্যান্ড যে পারে সেটা নতুন করে বলার কিছু না। নতুন কোনো খবর দিতে হলে মারউইককে চ্যাম্পিয়নই হতে হবে। ফাইনালে ওঠাটাও যে হল্যান্ডের জন্য নতুন কিছু না! এএফপি, ওয়েবসাইট।