অতৃপ্তির রাত ও প্রতিজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ‘হরতালে’ গৃহবন্দী এশিয়া কাপ। ফাঁকা রাজপথ পেয়েও কোনো টিম বাস কাল মিরপুরমুখী হয়নি। হোটেলেই কাটল সারা দিন। বাংলাদেশ দলের জন্য অবশ্য এটাই স্বাভাবিক।্রআগের রাতের রুদ্ধশ্বাস ম্যাচের পর একটা দিন তো বিশ্রাম নেওয়াই যায়।কিন্তু সেই বিশ্রাম কতটুকু উপভোগ্য হলো? জিততে জিততে হেরে যাওয়ার অন্তর্দহনে একদমই না। ঘুরেফিরে সবার মনেই ফিরে এসেছে তীরে গিয়ে তরী ডোবানোর আফসোস। হতে হতে হলো না!হতাশার মাত্রা পরিমাপ করা কঠিন। তবে সাকিব আল হাসানেরই সবচেয়ে বেশি হতাশায় পোড়ার কথা। এমন অবস্থা থেকে অন্য যেকোনো দলই ম্যাচটা জিততে পারত বলে তাঁর বিশ্বাস, অথচ বাংলাদেশ পারল না! ‘আফসোস নেই’ বললেন বটে, তবে বলার ঢঙেই বোঝা গেছে আফসোসটা আসলে কত তীব্র, ‘আফসোস নেই। আফসোস করতে করতে তো আফসোসের আর জায়গাই নেই।’ক্রিকেট অনিশ্চয়তার খেলা মেনে নিয়েও সাকিবের মনে হচ্ছে, ৫ উইকেট হাতে রেখে ৪০ বলে ৩৯ রান করতে না পারাটা বিয়োগাত্মক এক রূপকথা ছাড়া আর কিছুই নয়, ‘৪০ বলে ৩৯ রান, হাতে ৫ উইকেট—সেখান থেকে ম্যাচ জিততে না পারার কী কারণ থাকতে পারে? নাসিরের আউটটা গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছিল, তবে টেল এন্ডারদের কি কিছুই করার নেই! সব দলের টেল এন্ডাররাই এসব পরিস্থিতিতে ১০-১৫ রান করে।’সাকিব শেষ পর্যন্ত আশা ছাড়েননি। শেষ ব্যাটসম্যান শাহাদাতের ওপরও আস্থা ছিল। তার পরও সাকিব চেয়েছিলেন শাহাদাতকে যত কম স্ট্রাইক দেওয়া যায়। আইজাজ চিমার করা ৪৮তম ওভারের প্রথম বলটা স্কয়ার লেগে পাঠিয়ে ২ রান নিতে চেয়েছিলেন। কিন্তু প্রথম রান নিতে নিতেই বল যখন ফিল্ডারের হাতে, সাকিবের শরীরী ভাষাই বলে দিচ্ছিল, কতটা হতাশ তিনি। কাল তো বললেন, ওই সময়ই তাঁর মনে হয়েছে ম্যাচটা আর হাতে নেই, ‘চিমার ওভারটাকেই টার্গেট করেছিলাম। ভেবেছিলাম, এই ওভারে অন্তত দুইটা বাউন্ডারি হলে কাজ সহজ হয়ে যাবে। কিন্তু প্রথম বলে ২ রান নিতে না পারার পর ম্যাচটা কঠিন হয়ে গেছে। পরের ৫ বলে ১ রানও আসেনি।’ম্যাচ জেতাতে না পারায় সত্যিকারের নায়ক হয়ে ওঠা হয়নি। নইলে ৬৬ বলে ৬৪ রান করে বাংলাদেশের স্বপ্নটাকে ৪৯তম ওভার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন সাকিবই। সেই স্বপ্নের শুরু তামিম ইকবালের ব্যাটে। ৮৯ বলে ৬৪ রান করে শুধু বাংলাদেশকে একটা ভালো শুরুই দেননি, নিজের ‘নতুন শুরু’টাও করলেন চমৎকার। হ্যাঁ, গত কয়েক মাস ধরে যে রকম বিতর্কের সাগরে ভাসছেন, এশিয়া কাপের প্রথম ম্যাচ তাঁর জন্য নতুন শুরুই। তামিমও বলছেন, ‘পুরোনো ঘটনায় আর যেতে চাই না। তবে এটা ঠিক, অনেক চাপ ছিল আমার ওপর। ৬৪ রান খুব বেশি না হলেও সেই চাপ কিছুটা হলেও কমাবে, আশা করি। ভালো খেলার চেষ্টা সব সময়ই করি। কখনো হয়, কখনো হয় না।’ফিফটি করার পর ব্যাট দেখিয়েছেন আকরাম খানকে। চাচা আকরামকে নয়, প্রধান নির্বাচক আকরামকে। নির্বাচকদের দলে থাকার পরও অদৃশ্য শক্তির ছোবলে দল থেকে ছিটকে পড়েছিলেন। প্রতিবাদে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগই করে বসেন আকরাম। পরে ফেরেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে, অনেক নাটকের পর ১৫ জনের দলে সুযোগ পান তামিমও। কিন্তু পুরো ঘটনাটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল দুজনের জন্যই। ব্যাট হাতে সেই চ্যালেঞ্জের জবাব দেওয়া ফিফটিটা তাই তামিম উৎসর্গ করলেন আকরামকে।তবে ম্যাচ জিততে না পারার দুঃখ পাখা ঝাপটাচ্ছে তামিমের মনেও, ‘জেতা উচিত ছিল। আমি যদি আরেকটু থাকতে পারতাম...সাকিবও পারত ম্যাচটা জিতিয়ে ফিরতে।’ ম্যাচ শেষে অধিনায়ক মুশফিকুর রহিম সংবাদ সম্মেলনে বলেছিলেন, ক্লোজ ম্যাচ এখন থেকে জিততে শুরু করতে হবে। টিম মিটিংয়ে সাকিবও নাকি বলেছেন, বড় দল হয়ে উঠতে চাইলে এ রকম ম্যাচ আর হারা যাবে না। একই উপলব্ধি তামিমেরও, ‘গত এক-দেড় বছরে এ রকম অনেক ম্যাচ হেরেছি। এসব ম্যাচ জিততে হবে। এক-দুইটা ম্যাচ জিতলেই দেখবেন এরপর এসব ম্যাচে আমরা কম হারছি। একবার অভ্যাস তৈরি হয়ে গেলে আর সমস্যা হবে না।’বাংলাদেশ দল চাইলে এই ম্যাচ থেকে লড়াই করে হারার পুরোনো গৌরব খুঁজতে পারত। তবে মুশফিক-সাকিব-তামিমদের বিশ্বাস, সেই দিন আর নেই। এখন থেকে হয় জিততে হবে, নয়তো সঙ্গী হবে জিততে না পারার আফসোস।