অথচ ওয়াগনার কী বিনয়ী!

কথা বলছেন মেপে মেপে। নরম সুরে। মাঝেমধ্যেই বিনয়ের বিগলিত হাসি। সংবাদ সম্মেলনে বসে থাকা মানুষটাকে দেখে বিভ্রান্তি জাগে, এই কি সেই নিল ওয়াগানার, মাঠে যাঁর শরীরী ভাষায় আগুন ঝরছিল। কয়েকবারই বাংলাদেশের ব্যাটসম্যানদের দিকে তেড়েফুঁড়ে গেছেন। হয়েছে উত্তপ্ত বাক্যবিনিময়ও। সবচেয়ে বেশি ঝাঁজটা টের পেয়েছেন সোহাগ গাজী। সোহাগ লং অনের ওপর দিয়ে ওয়াগনারকে আছড়ে ফেলার পর তাঁর দিকে এগিয়ে গিয়ে কিউই ফাস্ট বোলার একটা কথাই বলেছেন, ‘পারলে আবার মেরো!’
ওয়াগনারের পরের ওভারের প্রথম বলেই সোহাগের চার। এই দ্বৈরথে সোহাগ তখন আপাত বিজয়ী হয়েও দুই বল পরেই তাঁকে সাজঘরে ফিরিয়েছেন ওয়াগনারই। শুধু সোহাগ নয়, তাঁর আগে তামিম ইকবাল, মার্শাল আইয়ুব ও মুশফিকুর রহিমকে এবং পরে রুবেল হোসেনকে ফিরিয়ে দিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার করেছেন ওয়াগনার।
আগের ৮ টেস্টে ৪১.৬৬ গড়ে ২৪ উইকেট, সর্বশেষ ইংল্যান্ড সফরে দুই টেস্টে সাত উইকেট। চট্টগ্রাম টেস্টে তাই জায়গা হয়নি একাদশে। এ টেস্টে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করে দিলেন। আজ সংবাদ সম্মেলনে বললেও, নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে ছিলেন, ‘কঠোর পরিশ্রম করেছি। আপনাকে সব সময় চেষ্টা করতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে, নিজেকে উজাড় করে দিয়ে খেলতে হবে।’
ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট যেকোনো বোলারের জন্যই স্মরণীয়। প্রথম শ্রেণীর ক্যারিয়ারে এর আগে ১৩ বার ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেও ওয়াগনার জানালেন, টেস্টের সঙ্গে এর তুলনা হয় না, ‘এটা সত্যিই অন্যরকম। এর থেকে বেশ আত্মবিশ্বাসও পেয়েছি। প্রত্যেক বোলারই তাঁর ক্যারিয়ারে এর জন্য কঠোর পরিশ্রম করে। আমার পারফরম্যান্সে আমি তৃপ্ত।’
আজ দিনের প্রথম উইকেটটিও নিয়েছেন। দেখেশুনে প্রথম ১০টি ওভার পার করে দেওয়া মুশফিকুর রহিমকে ফিরিয়ে দিয়ে ওয়াগনারই নিশ্চিত করেছেন বাংলাদেশ যেন বেশি দূর এগোতে না পারে। পরে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সোহাগকেও ফিরিয়ে দিয়েছেন অল্পতে। রুবেলকে ফিরিয়ে দিয়ে নিশ্চিত করেছেন বাংলাদেশের লেজটা দ্রুত ছেঁটে ফেলা।
মুশফিককে ফেরাতে বিশেষ পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিলেন স্বীকার করে ওয়াগনার বলেছেন, ‘সব সময়ই পরিকল্পনা অনুযায়ীই কাজ করতে হয়। দিন শেষে আপনাকে আপনার পরিকল্পনা কাজে লাগাতেই হবে। অবশ্য পরিকল্পনা শব্দটা ইদানীং খুব বেশিই ব্যবহার করা হয়। দিন শেষে আপনার পরিকল্পনা ঠিকমতো হলো কি না, সেটাই আসল।’
টানা দুদিন বৃষ্টির হানায় ম্যাচের দৈর্ঘ্য ক্রমেই কমে আসায় নিউজিল্যান্ডও এখন বিশেষ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আপাতত তাদের পরিকল্পনা লম্বা একটা জুটি। সেই পরিকল্পনা নিশ্চয়ই ভেস্তে দিতে চাইবে বাংলাদেশ। তা ছাড়া পাল্টা জবাব দিতে সোহাগও নিশ্চয়ই উসখুশ করছেন। ওয়াগনারের বাউন্সারের জবাব ঘূর্ণি বিষেই তো দিতে হবে, নাকি!