অথচ খেলোয়াড়েরাই উপেক্ষিত
বেশ গর্বভরে মোটরসাইকেলের বিশাল ডামি চাবিটি হাতে তুললেন মতিয়ার রহমান। জাতীয় দল ও মোহামেডানের মিডফিল্ডার মামুনুর রহমানের (চয়ন) বাবা। বাবার হাতে ছেলেরই পুরস্কার। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স হকি লিগের এ বছরের সেরা মামুনুর জার্মানিতে লিগ খেলছেন। মামুনুরের অনুপস্থিতিতে মতিয়ার রহমানকেই তাই ছুটে আসতে হয়েছে পুরস্কার নিতে।খেলোয়াড়দের এই অনুষ্ঠানে বলতে গেলে খেলোয়াড়েরাই তো ছিলেন না। হকি ফেডারেশন কাল ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রিমিয়ার, প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন-রানার্সআপ দলগুলোকে পুরস্কার দিল। কিন্তু অনুষ্ঠানে খেলোয়াড়দের না দেখে হতাশা ব্যক্ত করলেন সাবেক হকি খেলোয়াড় রফিকুল ইসলাম (কামাল), ‘অনুষ্ঠানটা বেখাপ্পা লাগছে। খেলোয়াড়দের আরও গুরুত্ব দেওয়া উচিত ছিল। তরুণ খেলোয়াড়দের এমন অনুষ্ঠানে আনলে তারা উৎসাহিত হয়।’ কোচের অনুরোধে এসেছিলেন আবাহনীর অধিনায়ক আসাদুজ্জামান চন্দন। ‘আমি আসতেই চাইনি। কোচের অনুরোধে এসেছি।’ —বললেন জাতীয় দলের এই ডিফেন্ডার। সাবেক খেলোয়াড় মওদুদুর রহমানের ক্ষোভ, ‘খেলোয়াড়দের অনুষ্ঠানে খেলোয়াড় নেই। ট্রফিটা কুরিয়ার করে ক্লাবে পাঠিয়ে দিলেই হতো।’ সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ নানা সীমাবদ্ধতার অজুহাত দিয়ে বললেন, ‘যেখানে অনুষ্ঠানের আয়োজন করেছি সেখানে অত খেলোয়াড়ের জায়গা হতো না। তা ছাড়া আরও কিছু সীমাবদ্ধতা ছিল। তাই শুধু জাতীয় দলের খেলোয়াড়দের আমন্ত্রণ করেছি।’