অথচ জনসন ছিলেন নার্ভাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশরা চেয়েছিল ব্রিসবেন দুর্গ জয় করতে। কিন্তু দুর্গের দরজায় টোকা দেওয়া পর্যন্তই সার। অস্ট্রেলিয়ানদের প্রবল আক্রমণে দিশেহারা হয়ে মেনে নিতে হলো আত্মসমর্পণ। এমনিতে অস্ট্রেলিয়ার সেনাপতি মাইকেল ক্লার্ক হলেও ব্রিসবেনের সমরনায়ক মিচেল জনসন। ব্যাটকে তলোয়ার বানিয়ে কচুকাটা করেছেন ইংলিশ বোলারদের। ইংলিশ ব্যাটসম্যানদের উড়িয়ে দিয়েছেন বলকে গোলা বানিয়ে।
সেই জনসন, ফেব্রুয়ারি-মার্চের ভারত সফরে যিনি খেলতে পেরেছিলেন মাত্র একটি টেস্ট। সেটিতেও জোটেনি কোনো উইকেট। সেই জনসন, কয়েক মাস আগে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজে অস্ট্রেলিয়ার স্কোয়াডেই যাঁর জায়গাই হয়নি। সেই জনসন, যিনি আর কখনো সেই বিধ্বংসী রূপ ফিরে পাবেন কি না, সংশয় ছিল অনেকের। সেই জনসনই এখন অস্ট্রেলিয়ান ক্রিকেটের পুনরুজ্জীবনের প্রতীক। অনেকে তাঁর শেষ দেখে ফেললেও নিজে বরাবরই ছিলেন প্রচণ্ড আত্মবিশ্বাসী। দলকে অসাধারণ এক জয় এনে দিয়ে জনসন বলছেন, কখনোই আস্থা হারাননি নিজের সামর্থ্যে।
ব্যাট হাতে ৬৪ ও ৩৯ রানের মহাগুরুত্বপূর্ণ দুই ইনিংস। বল হাতে দুই ইনিংস মিলিয়ে ১০৩ রানে ৯ উইকেট। তবে গ্যাবায় জনসনের বোলিংকে স্রেফ উইকেটসংখ্যায় ভাবতে গেলে বোঝা হয় না কিছুই। বোলিং ফিগারে তো আর লেখা নেই ওই ৯ উইকেটের ৭টিই জনসন পেয়েছেন শর্ট বলে। লেখা নেই গতি আর বাউন্সের তোপে কীভাবে কাঁপিয়ে দিয়েছেন ইংলিশ ব্যাটসম্যানদের। একাই কীভাবে ধসিয়ে দিয়েছেন মনোবল। আর প্রতিপক্ষ শিবিরে কাঁপন ধরিয়ে দেওয়া ভীতিকর শর্ট বোলিং কত দিন পর দেখল ক্রিকেট!
অথচ কাঁপিয়ে দেওয়ার নায়ক নিজেই নাকি কাঁপছিলেন ম্যাচ শুরুর আগে! হয়তো দলে ফিরে নিজেকে আবার প্রমাণ করার চাপ ছিল বলেই। তবে পরে সেটাই রূপ নিয়েছে উচ্ছ্বাসে, ‘প্রথম দিনে বেশ নার্ভাস লাগছিল। সেটা কাটিয়ে ওঠার পর অবশ্য সমস্যা হয়নি। অ্যাশেজ টেস্টে ৫ উইকেট নেওয়ার অনুভূতি সত্যিই অবিশ্বাস্য।’ এমন নয় যে অ্যাশেজে ৫ উইকেট এবারই প্রথম। ২০০৯ অ্যাশেজে অস্ট্রেলিয়ার একমাত্র জয়ে হেডিংলিতে পেয়েছিলেন (৫/৬৯), ২০১০-১১ অ্যাশেজেও দলের একমাত্র জয়ে পার্থে তুলেছিলেন গতির ঝড় (৬/৩৮)। তার পরও এমন ‘অবিশ্বাস্য’ প্রতিক্রিয়াই বলে দিচ্ছে, মাঝের সময়ে কত কিছু বয়ে গেছে তাঁর ক্যারিয়ারে!
জনসনের নিজের যেমন, তেমনি দুঃসময় চলছিল তাঁর দলেরও। জনসনের পারফরম্যান্সে সেই জাল ছিঁড়ে বেরিয়েছে অস্ট্রেলিয়াও। সতীর্থদের চোখে খুশির ঝিলিকও বাড়তি তৃপ্তি দিয়েছে ৩২ বছর বয়সী পেসারকে, ‘আমি শেষ উইকেটটি নেওয়ার পর ছেলেরা সবাই একসঙ্গে জড়ো হলো...ওই সময় সবার মুখের দিকে তাকিয়ে দেখাটা ছিল স্মরণীয় এক মুহূর্ত যা কখনোই ভুলব না আমি। এই টেস্টে সবাই দাঁড়িয়ে গেছে। ছেলেদের পারফরম্যান্সে আমি সত্যিই গর্বিত।’
গত মাসে ভারতে ওয়ানডে সিরিজে মরা উইকেটেও গতির ঝড় তুলেছিলেন জনসন। সেটা দেখে অ্যাশেজ প্রস্তুতির জন্য শেষ ওয়ানডের আগেই দেশে ফিরিয়ে আনা হয়েছিল তাঁকে। শেষ ম্যাচে হেরে অস্ট্রেলিয়া সিরিজ হারার পর সমালোচনাও হয়েছিল। এবার সামান্য একটু তৃপ্তির ঢেকুর তুলতে পারে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট! ওয়েবসাইট।