অথচ টিকিট মাত্র ৫০ হাজার
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এই প্রথম জার্মানির দুটি ক্লাব। ওয়েম্বলির ফাইনালের টিকিটের জন্য জার্মানিতে যে হুটোপুটি পড়বে, সেটা জানাই ছিল। কিন্তু তাই বলে এতটা! ১৯৯৭ সালের পর প্রথম ফাইনালে ওঠা বরুসিয়া ডর্টমুন্ডের সমর্থকদের উৎসাহটাই যেন বেশি। অনলাইনে টিকিট চেয়ে ডর্টমুন্ড থেকে ৫ লাখ ২ হাজার ৫৬৭টি আবেদন জমা পড়েছে। অবাক করার মতো তথ্যই, কারণ ডর্টমুন্ড শহরের লোকসংখ্যাই ৫ লাখ ৭৯ হাজার! ডর্টমুন্ডের সমর্থকদের খবরটা পুরোনো। নতুন খবর, বায়ার্ন মিউনিখের সমর্থকদের কাছ থেকেও টিকিটের আবেদন জমা পড়েছে প্রায় আড়াই লাখ। সংখ্যাটা কম হওয়ার কারণ ক্লাবটির নিবন্ধিত সদস্যরাই শুধু আবেদন করতে পেরেছেন।
তবে এত বিপুলসংখ্যক সমর্থকের বেশির ভাগকেই হতাশ হতে হবে। ওয়েম্বলির দর্শক ধারণক্ষমতা ৮৬ হাজার, তবে ২৫ মের ফাইনালের জন্য দুটি ক্লাবকে দেওয়া হবে ২৫ হাজার করে টিকিট। অর্থাৎ যা টিকিট পাওয়া যাবে, আবেদন জমা পড়েছে তার ১৫ গুণ বেশি! এএফপি।