অথচ নেই সেরা ভারোত্তোলকেরাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে মালয়েশিয়ায় কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ৪৮ কেজিতে রুপা জিতেছিলেন। কিন্তু এবার আর ওই প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ পেলেন না মোল্লা সাবিরা সুলতানা।
২৪-৩০ নভেম্বর মালয়েশিয়ার পেনাংয়ে অনুষ্ঠেয় দ্বিতীয় কমনওয়েলথ ভারোত্তোলনে অংশ নিতে তিন ভারোত্তোলক আর পাঁচ কর্মকর্তার বাংলাদেশ দল কাল রাতেই ঢাকা ছেড়েছেন। প্রতিযোগিতায় ৪৪ কেজিতে খেলবেন জোহরা আক্তার (রেশমা), ৫৮ কেজিতে মাবিয়া আক্তার (সীমান্ত) এবং ১০৫ কেজিতে বিদ্যুৎ কুমার রায়। কোচ হিসেবে যাচ্ছেন শাহরিয়া সুলতানা সূচী। বিদেশে বেশির ভাগ আন্তর্জাতিক টুর্নামেন্টেই কোচ, খেলোয়াড় বা পর্যবেক্ষক কোনো না কোনো পরিচয়ে থাকেন সূচী।
সূচীর মতো কর্মকর্তাদের বিদেশ সফরে সমস্যা হয় না। কিন্তু সেরা খেলোয়াড়েরা সব সময়ই উপেক্ষিত থাকেন। মোল্লা সাবিরা সর্বশেষ বাংলাদেশ গেমসে হয়েছেন সেরা লিফটার। ৯ নভেম্বর ফেডারেশনের সর্বশেষ ট্রায়ালেও সেরা লিফটার হয়েছিলেন তিনি। কিন্তু কোনো এক রহস্যজনক কারণে তাঁকে ছাড়াই কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে গেল বাংলাদেশ দল। সুযোগ দেওয়া হয়নি এসএ গেমসে সোনাজয়ী ভারোত্তোলক হামিদুল ইসলামকেও। হাঁটুর চোটের কারণে গত বাংলাদেশ গেমসে খেলেননি বিদ্যুৎ কুমার রায়। মালয়েশিয়াগামী দলে থাকলেও এখনো তিনি পুরোপুরি চোট কাটিয়ে উঠতে পারেননি বলে জানা গেছে ফেডারেশন সূত্রে।
কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে যেতে না পেরে খুব হতাশ দেশসেরা ভারোত্তোলক মোল্লা সাবিরা, ‘আমার খুব খারাপ লাগছে। ট্রায়ালে প্রথম হয়েও দলে সুযোগ পাই না আমি। কিন্তু অন্যরা না খেলেও দলে জায়গা পাচ্ছেন। আগামী বছর কমনওয়েলথ গেমসের আগে এটাই আমাদের শেষ টুর্নামেন্ট। মালয়েশিয়ায় খেলতে পারলে খুব উপকার হতো আমার।’
দলের সঙ্গে কর্মকর্তা হিসেবে যাচ্ছেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) এস এম আশরাফুজ্জামান। জানা গেছে, এনএসসি থেকে আর্থিক সুবিধা পাওয়ার শর্তেই তাঁকে সফরসঙ্গী করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।
কেন বারবার সূচীকেই বিদেশ সফরে বেছে নেওয়া হয়? এ ব্যাপারে মহিউদ্দিনের উত্তর, ‘জাতীয় ক্রীড়া পরিষদের কোচ শাহরিয়া সুলতানা সূচী। তাঁর যোগ্যতা রয়েছে বলেই দলের সঙ্গে যাওয়ার সুযোগ পান। অন্য কোনো কারণ নেই।’ মহিউদ্দিন অবশ্য বিদ্যুৎকে ফিট বলেই দাবি করেছেন।