অথচ বরিশালই বাদ!
বরিশাল বার্নার্সের সেমিফাইনালে ওঠার উৎসব আর চিটাগং কিংসের টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে পড়ার হতাশা—সবই মিথ্যা হয়ে গেল কাল। উল্টো বিপিএলের সেমিফাইনাল খেলবে এখন চিটাগং কিংসই, বরিশাল বার্নার্স বাদ!পরশুর ম্যাচে চিটাগং কিংস ১৫০ রান করার পর বিপিএল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছিল, ১৬ ওভারের মধ্যে জিততে পারলে বরিশাল সেমিফাইনালে উঠে যাবে। বরিশাল ম্যাচ জিতে যায় ১৫ ওভারেই। খেলা শেষে মাঠ, সংবাদ সম্মেলন—সবখানেই ছিল তাদের সেরা চারে যাওয়ার উল্লাস। সঙ্গে চিটাগং কিংসের হতাশাটাও ছিল দেখার মতো। সমান পয়েন্ট হওয়ার পরও নেট রান রেটে বাদ পড়ার শঙ্কা যে জাপটে ধরেছিল তাদের।অথচ কাল ভোজবাজির মতো বদলে গেল সব! প্রথম ম্যাচ শেষে বিপিএল কর্তৃপক্ষ জানাল, একটা বড় ভুল হয়ে গেছে। বরিশাল বার্নার্স নয়, সেমিফাইনালে খেলবে আসলে চিটাগং কিংস। ১৫ ওভারে ম্যাচ জিতলেও বরিশাল বার্নার্সের বিপিএল শেষ হয়ে গেছে পরশুই!সংশোধনীটা আনুষ্ঠানিকভাবে জানাতে প্রেসবক্সে টুর্নামেন্টের বাইলজের একটা পাতা নিয়ে এলেন গভর্নিং কাউন্সিলের প্রধান গাজী আশরাফ হোসেন। বাইলজের ২১.৮-এর ২ ধারায় স্পষ্টভাবে বলা আছে, যদি তিন বা ততোধিক দলের সমান পয়েন্ট এবং সমান জয় হয়ে যায়, তাহলে ওই তিন দলের মধ্যকার ম্যাচগুলোয় বেশি জয় পাওয়া দলই থাকবে সবার ওপরে। ক্রমান্বয়ে থাকবে কম ম্যাচ জেতা দলগুলো। এই প্রক্রিয়া অনুসরণের পরও যদি দলগুলোর মধ্যে সমতা থেকে যায়, তাহলেই কেবল লিগ পর্বের নেট রান রেট বিবেচ্য হবে। এই হিসাবে ১০ ম্যাচে ৫ জয় ও ১০ পয়েন্ট করে পাওয়া ঢাকা গ্ল্যাডিয়েটরস, চিটাগং কিংস ও বরিশাল বার্নার্সের মুখোমুখি লড়াইয়ে জয় যথাক্রমে ৩, ২ ও ১। তার মানে বাদ যাওয়া দলটা বরিশাল বার্নার্সই।কিন্তু বাইলজে কথাটা উল্লেখ থাকার পরও পরশু কেন টেলিভিশনে ভুল তথ্য দেওয়া হলো? সব সংবাদমাধ্যমেও প্রকাশিত হলো বরিশালের সেমিফাইনালে ওঠার সংবাদ? সংবাদমাধ্যমের কী দোষ! টুর্নামেন্টের বাইলজ তো দেয়ইনি বিপিএল গভর্নিং কাউন্সিল। বরং বলা হয়েছে, পয়েন্ট সমান হলে নেট রান রেটেই ঠিক হবে দলগুলোর অবস্থান। তাহলে কি বিপিএল কর্তৃপক্ষই জানত না বিপিএলের বাইলজে আসলে কী আছে? গাজী আশরাফের ব্যাখ্যা, ‘কাল অন্য একটা বিষয় (স্পট ফিক্সার সন্দেহে এক পাকিস্তানির গ্রেপ্তার) নিয়ে বেশি ব্যস্ত থাকায় এদিকে সেভাবে খেয়াল করা হয়নি।’শুধু গভর্নিং কাউন্সিল নয়, বাইলজ যাদের স্বার্থ রক্ষা করে, সেই ফ্র্যাঞ্চাইজিগুলোরও যে একই দশা! বাইলজ অনুযায়ী সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পরও কেন পরশু হতাশায় ভেঙে পড়েছিল চিটাগং কিংস—এমন প্রশ্নের জবাবে টিম ম্যানেজমেন্টের এক সদস্যের উত্তর, ‘আমরা তো তখনো বাইলজ পড়িনি...।’তবে বরিশাল সেমিফাইনাল খেলার ‘অধিকার’ ছাড়তে নারাজ। তাদের দাবি নিয়ে কাল রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সভা চলছিল বিপিএল টেকনিক্যাল কমিটির।