অথচ শুটারই হওয়ার কথা ছিল না বাকীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমনওয়েলথ গেমসে দেশের পতাকার ওড়ালেন আবদুল্লাহ হেল বাকী। ছবি: এএফপি
কমনওয়েলথ গেমসে দেশের পতাকার ওড়ালেন আবদুল্লাহ হেল বাকী। ছবি: এএফপি

কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশের আবদুল্লাহ হেল বাকী। অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছে তাঁর। অথচ জন্ডিস হয়েছিল বলেই শুটিংয়ে এসেছিলেন বিকেএসপির এই শুটার


২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসের পর গোল্ডকোস্টেও বাংলাদেশকে পদক এনে দিলেন শুটার আবদুল্লাহ হেল বাকী। বন্দুক-গুলির নিশানার খেলায় লক্ষ্য ভেদ করে বৈশ্বিক মঞ্চে তুলে ধরলেন বাংলাদেশের পতাকা। অথচ গাজীপুরের ছেলে বাকীর শুটিংয়েই আসার কথা ছিল না।

শরীরে রোগবালাই বাসা বাঁধলে কারইবা ভালো লাগে। সেটা যদি আবার জন্ডিস হয়, তাহলে তো আর কথাই নেই। ভাগ্যিস জন্ডিস হয়েছিল বাকীর! ‘ভাগ্যিস’ শব্দটা কেন? জন্ডিস না হলে যে শুটিংয়েই আসা হতো না দেশসেরা এই শুটারের।

বাকীর পছন্দ ছিল ফুটবল। কিন্তু ভাগ্যের মারপ্যাঁচে পড়ে ১৯৯৭ সালে বিকেএসপিতে ভর্তি হতে হয় জিমন্যাস্টিকসে। দুই বছর পর শরীরে ধরা পড়ে জন্ডিস। বিকেএসপি থেকে ছুটি নিয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু রোগী জিমন্যাস্টিকস শুনে অবাক হয়ে যান চিকিৎসকেরা। তাঁরা পরামর্শ দেন জিমন্যাস্টিকস ছেড়ে দিতে। কারণ, সুস্থ হলেও নাকি জিমন্যাস্টিকসের কারণে শারীরিক সমস্যায় পড়ার শঙ্কা থাকে।

শুটিংয়ে তখন ছাত্র প্রয়োজন বিকেএসপির। সুস্থ হয়ে ফিরে বাকী সে পরীক্ষায় নাম লেখালেন। পারফরমেন্সে একটু পিছিয়ে থাকলেও প্রতিষ্ঠানের অন্য ডিপার্টমেন্টের ছাত্র হিসেবে সুযোগ হয়ে গেল। শুরু হয়ে গেল বাকীর বন্দুক-গুলির জীবন। এর পরের গল্পটা তো সবারই জানা...।

তাঁর চোখের সামনে দিয়ে একই প্রতিষ্ঠানের বড় ভাই আসিফ হোসেন খান ২০০২ সালের ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন। তখনই বাকির স্বপ্নের পরিধিটা আকাশ ছুঁয়ে গিয়েছিল। এমন কোনো বৈশ্বিক আসরে আসিফের মতো সোনা জিতে দেশকে গৌরবান্বিত করার স্বপ্ন দেখেছিলেন। সেই সোনা হয়তো এখনো জেতা হয়নি। কিন্তু স্বপ্নটা কিন্তু ডানা মেলেই চলেছে।

গ্লাসগোতে রুপা জিতেছিলেন। আজ একটুর জন্য হাতছাড়া হয়ে গেল সোনা। শেষ শটে বাকী ১০.১ স্কোর করলেই ১৬ বছর পর আবারও বাংলাদেশের জাতীয় সংগীত বাজত কমনওয়েলথ গেমসে। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। মারলেন ৯.৭ পয়েন্ট! অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে আজ রুপা নিয়েই তুষ্ট থাকতে হলো দেশের অন্যতম সেরা এই শুটারকে। এই ইভেন্টে সব মিলিয়ে বাকীর স্কোর ২৪৪.৭। আর ২৪৫.০ স্কোর পেয়ে সোনা জিতলেন অস্ট্রেলিয়ার স্যাম্পসন। যেটি কমনওয়েলথ গেমসের রেকর্ড পয়েন্ট।

আজ একটুর জন্য হয়নি। সম্ভাবনার দরজা তো বাকীর জন্য খোলাই রইল।