অথচ শ্যুটাররাই জানেন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্যাম্প শুরু হচ্ছে? তাই নাকি? আমি তো জানিই না’—২০১২ লন্ডন অলিম্পিকের প্রস্তুতির জন্য ক্যাম্পের কথা তুলতেই যেন আকাশ থেকে পড়লেন শ্যুটার আসিফ হোসেন খান। কাল থেকে শুরু হয়েছে এই ক্যাম্প। কিন্তু এ ব্যাপারে নাকি কোনো কিছুই জানেন না কমনওয়েলথ গেমসের সোনাজয়ী শ্যুটার। এসএ গেমসে সোনাজয়ী শ্যুটার শারমিন আক্তার (রত্না) ও সৈয়দা সাদিয়া সুলতানাও জানেন না। আসিফ ও রত্না ঢাকায় থাকলেও চট্টগ্রামে রয়েছেন সাদিয়া। সাদিয়া অবশ্য ক্যাম্প শুরুর কথা জানলেও সঠিক তারিখটা জানেন না, ‘আগামী শনিবার থেকে নাকি ক্যাম্প শুরু হবে। শুধু এটুকু জেনেছি।’ স্কুলের পরীক্ষা ও ব্যক্তিগত কাজ সেরে আরও কয়েক দিন পর ঢাকায় ক্যাম্পে যোগ দেবেন সাদিয়া।এই তিনজন ছাড়াও ক্যাম্পে ডাক পেয়েছেন শারমিন আক্তার, তৃপ্তি দত্ত, আবদুল্লাহ হেল বাকি, মাহমুদুল হাসান ও মোহাম্মদ সুমন। শ্যুটারদের এই ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল গত ৩ এপ্রিল থেকে চট্টগ্রাম সেনানিবাসে। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বলেছেন, ‘বাজেট অনুমোদন না হওয়ায় ক্যাম্পটা সময়মতো শুরু করতে পারিনি। তবে আজ (কাল) থেকে সেটা ঢাকায় শুরু হয়ে গেছে। চট্টগ্রামে ক্যাম্প করতে চেয়েছিলাম। কিন্তু বাজেটের স্বল্পতার কারণে ঢাকায় শুরু করতে বাধ্য হলাম।’লন্ডন অলিম্পিকে বাংলাদেশ থেকে অংশ নেবে শ্যুটিং ও আর্চারিতে। আর্চারি ক্যাম্প শুরু করে দিয়েছে আরও আগেই। গত ৬ এপ্রিল থেকে বিকেএসপিতে ২৭ জন আর্চারকে নিয়ে শুরু হওয়া ক্যাম্প চলবে ১৮ মাস। কিন্তু শ্যুটিংয়ের জন্য অলিম্পিক আপাতত মাস চারেকের বাজেট অনুমোদন করেছে। এই নিয়ে ফেডারেশনের একটা ক্ষোভ আছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব কুতুবউদ্দিন আহমদের কাছে এই ক্ষোভ অমূলক, ‘যাদের কাজ তাদেরই আগ্রহ নেই। তবুও এর মধ্যে দুবার তাদের ডেকেছি। বাজেটও অনুমোদন হয়েছে। আজ (গতকাল) থেকে ক্যাম্প শুরু হওয়ার কথা।’ বাজেটের স্বল্পতার ব্যাপারে বিওএর সহসভাপতি এ কে সরকারের কথা, ‘১৭ লাখ টাকার বাজেট অনুমোদন করেছি আমরা, ওদের প্রত্যাশার চেয়ে হয়তো একটু কম। এটা দিয়ে আপাতত চার মাস চলবে ক্যাম্প। তবে এবারই আমরা দেশি কোচকে এসএ গেমসের চেয়েও বেশি পারিশ্রমিক দিচ্ছি।’ আর্চারির ক্যাম্প অনেক আগে শুরু হলেও শ্যুটিং পরে হচ্ছে বলে আক্ষেপ করলেন আসিফ, ‘আমাদের ক্যাম্পও আগে শুরু হলে ভালো হতো।’