
এই সেঞ্চুরিটা তিনি পেতে পারতেন বছর দুয়েক আগেই। নেহাত ভাগ্য সেদিন সঙ্গে ছিল না। ট্রেন্টব্রিজে তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৮ বলে ৯৯ রান করে ফিরে যেতে হয়েছিল রবি রামপলের বলে। ওই ইনিংসের সাত মাস পর ২০১৩-এর ফেব্রুয়ারিতে আবারও কাছাকাছি গিয়েছিলেন। কিন্তু ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সেদিন দল জিতে যাওয়ায় ৮০ রানে অপরাজিত থেকে যান অ্যালেক্স হেলস্। অথচ হাতে তখনো ৪৪ বল!
সেই আক্ষেপ ঘোচালেন পরশু শ্রীলঙ্কার বিপক্ষে ৬৪ বলে অপরাজিত ১১৬ রানের ম্যাচ জেতানো ইনিংসে।
আর কী অসাধারণ এই সেঞ্চুরির গল্পটাও। ১৮৯ তাড়া করতে নেমে কোনো রান ওঠার আগেই দলের ২ উইকেট নেই। নিজেকে খোলসবন্দী করে রাখায় ১০ ওভারে দলের রান ৭২, বাকি ১০ ওভারে দরকার প্রায় ১২ রান করে! কে ভেবেছিল ওই ম্যাচে একা হাতে হেলস্ জিতিয়ে দেবেন চার বল বাকি থাকতেই!
ভাবেননি তিনি নিজেও। তাই পরশু ম্যাচের পর সংবাদ সম্মেলনেও তাঁর চোখেমুখে ঘোর, ‘কোনো সন্দেহ নেই যে ইংল্যান্ডের হয়ে এটাই আমার সেরা ম্যাচ। অবিশ্বাস্য অনুভূতি এবং এটা এখনো যায়নি।’ গোপন রাখেননি সেঞ্চুরির উচ্ছ্বাসটাও, ‘এই ফরম্যাটের ক্রিকেটে খুব বেশি সেঞ্চুরি পাওয়া যায় না। আমি আগেও কয়েকবার আশির আশপাশে আউট হয়েছি। এবার বাধাটা পেরিয়ে যাওয়ায় খুশি। সঙ্গে দল জেতায় আনন্দটা আরও বেশি।’ হেলসের কীর্তিতেই টুর্নামেন্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ডও। উচ্ছ্বসিত প্রশংসা তাই বন্ধু ও অধিনায়ক স্টুয়ার্ট ব্রডের কণ্ঠেও, ‘এটা আমার দেখা ইংল্যান্ডের হয়ে অন্যতম সেরা ইনিংস।’
দাদা ডেনিস একবার উইম্বলডন টেনিসে রড লেভারের সঙ্গে ম্যাচে লড়েছিলেন পঞ্চম সেট পর্যন্ত। সেই গল্প শুনে বড় হওয়া নাতি হেলস্ টেনিস খেলোয়াড় হলেই বেশি মানাত। হননি। বাবা গ্রে ব্রোক ক্রিকেট খেলতেন, বাকিংহামশায়ারের ঘরোয়া ক্রিকেটে মারদাঙ্গা ব্যাটসম্যান ছিলেন। হেলসের ক্রিকেট পছন্দ হলেও কেন জানি ব্যাটিং করতে ভালো লাগত না। তাঁর ঝোঁক ফাস্ট বোলিংয়ের দিকে। ছেলেটা ছোটবেলা থেকেই তরতরিয়ে লম্বা হচ্ছে, তাই বাবাও ভাবলেন, ফাস্ট বোলার হলেই হয়তো ভালো করবে। নিয়ে গেলেন হার্টফোর্ডশায়ারে ট্রায়ালের জন্য। মন্দ কপাল, গায়ে প্রচণ্ড জোর থাকলেও হেলসের লাইন-লেন্থ যাচ্ছেতাই। হার্টফোর্ডশায়ার থেকে বলে দেওয়া হলো—এ ছেলেকে দিয়ে ফাস্ট বোলিং হবে না। হেলসের বয়স তখন ১৪।
তার দুই বছর পর হেলসেকই দেখা গেল পশ্চিম লন্ডনের এক কাউন্টি দলের হয়ে লর্ডসের নার্সারি মাঠে ১ ওভারে ৫৫ রান নিয়ে চমকে দিতে। জেতার জন্য ওই ম্যাচে শেষ ২ ওভারে ৭৮ রান দরকার ছিল হেলসের দলের। তিনটি নো বলের শেষ ওভারে তিনি একাই মেরেছিলেন ৮ ছক্কা ও একটা চার! জিতেছিল তাঁর দল। ওই দলে হেলস্ কিন্তু সুযোগ পেয়েছিলেন ফাস্ট বোলার হিসেবে।
ক্রিকেট-বিধাতাই হয়তো সেদিন ও রকম একটা ইনিংস খেলিয়েছিল তাঁকে দিয়ে। ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের জন্ম তো ওই ম্যাচেই!