অদম্য জার্মান তারুণ্যের রহস্য
মিরোস্লাভ ক্লোসার কথা শুনে কেউ আর অবাক হচ্ছেন না। বিশ্বকাপে এখনো পর্যন্ত দলের সেরা পারফরমার টমাস মুলারকে সেমিফাইনালে না পাওয়া নিয়ে জার্মান স্ট্রাইকার বললেন, ‘মুলারের অভাব পূরণ করার মতো ফুটবলার আমাদের স্কোয়াডে আছে, এই ম্যাচেই আমরা তা প্রমাণ করব।’ জার্মানির এই তরুণ দলটি এর মধ্যেই এত সব বিস্ময় উপহার দিয়েছে যে ক্লোসার দিকে কেউ অবিশ্বাসের দৃষ্টিতে তাকাতে পারছেন না। মানছেন, খুবই সম্ভব!জার্মানির এই দলটি সে সবই সম্ভব বলে মনে করাচ্ছে। কে বলবে ইনজুরির জন্য অধিনায়ক, মূূল গোলরক্ষকসহ প্রথম সারির আরও চার-পাঁচজন ফুটবলারকে দেশেই রেখে এসেছে জার্মানরা! আজকের সেমিফাইনালে জার্মানির প্রতিপক্ষ দলের অধিনায়ক ইকার ক্যাসিয়াসের এটা নিয়ে কৌতূহলের শেষ নেই, ‘একটা তরুণ দল, যাদের চার-পাঁচজনকে অনূর্ধ্ব-২১ দল থেকে আনা হয়েছে, তারা কীভাবে এমন খেলছে!’ শুধু ক্যাসিয়াস নয়, এমন কৌতূহল অনেকেরই আছে। এই অদম্য জার্মান তারুণ্যের রহস্য কী!রহস্য সঠিক পরিকল্পনা আর বাস্তবায়ন। একদল আনকোরা তরুণ কোনো এক জাদুমন্ত্রে হঠাৎ করেই অদম্য হয়ে উঠেছে, ব্যাপারটা তা নয়। মুলার-ওজিল-নয়্যারদের গল্পটা বাকি বিশ্বের কাছে হয়তো ‘এলাম, দেখলাম, জয় করলাম’, জার্মানরা কিন্তু ঠিকই জানত এমন একটি প্রজন্ম উঠে আসছে। পুরো প্রক্রিয়াটা শুরু হয়েছে বছর দশেক আগে। জার্মান ফুটবলের দারুণ এক সংকট মুহূর্তে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ও জার্মানির ক্লাবগুলো সুপরিকল্পিত একটি যুব প্রকল্পে হাত দেয়। বিনিয়োগ করে প্রচুর অর্থ আর সাংগঠনিক শক্তি।এই প্রকল্পের উদ্যোক্তাদের একজন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। অধিনায়ক ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতা একমাত্র ব্যক্তি ১৯৯০ বিশ্বকাপের পর গর্বভরে বলেছিলেন, ‘সামনের অনেকগুলো বছর অপ্রতিরোধ্য থাকবে জার্মানি।’ নব্বই দশকের মাঝামঝি পর্যন্ত অনেকটাই সত্যি ছিল বেকেনবাওয়ারের কথা। ১৯৯৬-এর ইউরো চ্যাম্পিয়ন হলো জার্মানি, পরের বছর চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা কাপ জিতল জার্মানির দুই ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ও শালকে জিরো ফোর। কিন্তু ধসটা শুরু হয় ১৯৯৮ বিশ্বকাপ থেকে। ফ্রান্স বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিধ্বস্ত হলো তারা ক্রোয়েশিয়ার কাছে, ইউরো ২০০০-এ প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে পেতে হলো লজ্জার চূড়ান্ত। দলের ব্যর্থতার চেয়েও আশঙ্কাজনক যেটা ছিল, তা হলো পাইপলাইন ছিল শূন্য, উঠে আসছিল না উল্লেখযোগ্য কোনো নতুন প্রতিভা। নতুন ফুটবলারদের জন্য জার্মানির সব সময়ের ভরসা স্পোর্টস স্কুলগুলোও আর আগের মতো জোগান দিতে পারছিল না। একপর্যায়ে দেখা গেল, বুন্দেসলিগার অর্ধেকের বেশি ফুটবলার জার্মানির বাইরের।সংকটময় সেই সময়গুলো স্পষ্ট মনে পড়ে ডিএফবির সে সময়ের ভাইস প্রেসিডেন্ট বেকেনবাওয়ারের, ‘আমাদের জন্য পরিস্থিতিটা তখন ছিল খুব কঠিন। হঠাৎ করেই মানসম্পন্ন ফুটবলারের খুব অভাব দেখা দিল, আমরা বুঝতে পারছিলাম না কীভাবে কী হয়ে গেল।’ খুব শিগগিরই কিছু একটা করা প্রয়োজন বুঝতে পেরে বেকেনবাওয়ার, বেয়ার লেভারকুসেন ক্লাবের মহাব্যবস্থাপক রেইনার কালমুন্ড ও ডিএফবির যুব উন্নয়ন পরিচালক ডিয়েট্রিখ ভেইস মিলে আধুনিক একটা যুব প্রকল্প প্রণয়ন করলেন। দেড় কোটি মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হলো এই প্রকল্পে। নিয়োগ দেওয়া হলো দক্ষ প্রশিক্ষকদের।দশ বছর আগের সেই পরিকল্পনার সুফল পাওয়া যাচ্ছে দুই বছর ধরেই। বিশ্বকাপের জার্মানিকে দেখে চমকে গেছেন? জেনে রাখুন, ইউরোপের অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়ন এখন জার্মানি। ১৯৩৪ বিশ্বকাপের পর তারা যে এবার সবচেয়ে তরুণ দল নিয়ে বিশ্বকাপে গিয়েছে, এতে আর অবাক হওয়ার কী আছে! সুপরিকল্পিত প্রকল্প, কঠোর প্রশিক্ষণ, বিভিন্ন ধাপ বেয়ে উঠে আসা, সব মিলিয়েই এমন অদম্য হয়ে উঠেছে এই তরুণেরা। বর্তমান দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার মিরোস্লাভ ক্লোসা তাই গর্বভরে বলতে পারছেন, ‘কয়েক বছর আগে লোকেরা সমানে বলছিল জার্মান ফুটবলের জন্য লজ্জাজনক ব্যাপার যে কোনো নতুন প্রজন্ম উঠে আসছে না। সবাই বলছিল জার্মানির কোনো ফরোয়ার্ড নেই, মিডফিল্ডার নেই। তবে সময় এখন তাদের সবাইকেই ভুল প্রমাণ করেছে।’শেষ নয় এখানেই, প্রতিভাবান আরও এমন অনেক তরুণ ওই প্রকল্প থেকে বেরিয়ে আসছে, জানাচ্ছেন বেকেনবাওয়ার। নব্বইয়ে বলা সেই কথাটা তাই ‘কাইজার’ চাইলে আরেকবার বলতে পারেন, ‘সামনের অনেকগুলো বছর অপ্রতিরোধ্য থাকবে জার্মানি!’ ওয়েবসাইট।