অদম্য ভারত, না নাছোড় ইংল্যান্ড?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপ হাতে ধোনি-কুক দুজনই হাসছেন। কিন্তু এজবাস্টনের ম্যাচ শেষে আজ একজনের হাসি মিলিয়ে যাবে, আরও চওড়া হবে অন্যজনেরটা। কী আছে কার ভাগ্যে? ষ এএফপি
কাপ হাতে ধোনি-কুক দুজনই হাসছেন। কিন্তু এজবাস্টনের ম্যাচ শেষে আজ একজনের হাসি মিলিয়ে যাবে, আরও চওড়া হবে অন্যজনেরটা। কী আছে কার ভাগ্যে? ষ এএফপি

লর্ডস থেকে এজবাস্টন। প্রায় দুই শ কিলোমিটার। উসাইন বোল্টের গতিতে দৌড়ালে এই দূরত্ব এমন কিছুই নয়! স্মৃতির চাকা পেছন দিকে ঘোরালে ৩০ বছর আগের সেই দিনটাও মনে হবে এক মুহূর্ত আগের। স্মৃতিটা মহেন্দ্র সিং ধোনির নয়, কিন্তু অনেক দেখায় তাঁর চোখেও সেদিনের ছবিটা স্পষ্ট। লর্ডসের ব্যালকনিতে বিশ্বকাপের ট্রফি হাতে কপিল দেব। ভারতীয় ক্রিকেটের প্রথম গৌরবগাথা।সেই ইংল্যান্ডের মাটিতেই আরেকটা রঙিন মঞ্চ প্রস্তুত আজ। চ্যাম্পিয়নস ট্রফির শেষ দৃশ্যও লেখা হয়নি এখনো। ধোনি কি পারবেন সেটা নিজেদের মতো করে লিখতে?উত্তরটা ‘না’ হতে পারে যাঁর নেতৃত্বে সেই অ্যালিস্টার কুকের ইংল্যান্ড স্মৃতি হাতড়ে শুধু দুঃখই পাবে। লর্ডস, ইডেন গার্ডেনস কিংবা মেলবোর্ন—৫০ ওভারের ক্রিকেটের সঙ্গে তাদের যেন আজন্ম বৈরিতা। ব্রিয়ারলি-গ্যাটিং-গুচরা পারেননি। নয় বছর আগে প্রায় হাতের মুঠোয় এসে যাওয়া ট্রেসকোথিক-ভনদের স্বপ্ন কেড়ে নিয়েছিলেন লারা-চন্দরপল-সারওয়ানরা। বার্মিংহামের এজবাস্টনে আজ কুক-অ্যান্ডারসনরা কি পারবেন ইংলিশদের অপ্রাপ্তির আক্ষেপ ঘোচাতে? এজবাস্টনের কাছাকাছি হায়াত রিজেন্সি হোটেলে আস্তানা গাড়া ভারতীয় দলের হাবভাব দেখে মনে হচ্ছে না ওরা খুব সহজে ইংলিশদের স্বপ্ন সত্যি হতে দেবে। এখন পর্যন্ত খেলা ৪টি ম্যাচে ভারতকে এতটাই অপ্রতিরোধ্য লেগেছে যে  দুই বছর আগের ৮-০ পরাজয়ের প্রতিশোধ নেওয়াটা যেন সময়ের ব্যাপার। ধোনি নিজেও জানেন এভাবে খেললে সেটা নেওয়াই যাবে। বাড়তি কিছু করার চেষ্টা না করে তাই সতীর্থদের বারবার বলে যাচ্ছেন, ‘কিপ ইট সিম্পল, বয়েজ’। সংবাদমাধ্যমে ফাইনালের আগে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় অবশ্য পুরোনো কথাটাই বলেছেন, ‘আমরা এই আসরে এখন পর্যন্ত ভালো খেলেছি। কিন্তু ফাইনাল বলে কথা, বড় চ্যালেঞ্জ।’ এই চ্যালেঞ্জ নেওয়ার সব প্রস্তুতিও আছে তাঁর দলের। বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান চার ম্যাচে ১১০.৬৬ গড়ে ৩৩২ রান করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। রোহিত শর্মা আর বিরাট কোহলিও এমন ফর্মে আছেন যে নিচের দিকের ব্যাটসম্যানরা ভারতের ব্যাটিংয়ের সময় চাইলে ড্রেসিংরুমে ঘুমিয়ে নিতে পারছেন। রবীন্দ্র জাদেজার বল ঘুরছে। সেমিফাইনালে ম্যাচসেরা হয়ে ইশান্ত শর্মা বুঝিয়ে দিয়েছেন শুধু ভারতীয় স্পিনারদের নিয়ে ‘হোমওয়ার্ক’ করে রাখলেই হবে না, পেসাররাও ইংলিশ উইকেটের ধরন বুঝে নিয়েছেন। নিজেদের সর্বনাশ নিজেরা না করলে ভারতকে ঠেকায় সাধ্য কার?

আবার কে জানে সেই সাধ্যটা জিমি অ্যান্ডারসনই দেখিয়ে দিলেন। ফাস্ট ও সুইং বোলিংয়ের ভয়ংকর সৌন্দর্য দেখানোর দায়িত্বটা এই টুর্নামেন্টে হয়তো তাঁকেই দিয়েছেন ক্রিকেট-বিধাতা। চেনা কন্ডিশনে ‘জিমি’ সেটা পালন করছেন রূপ-রস-ছন্দ মিলিয়ে। চার ম্যাচে ১৯.৮ গড়ে ১০ উইকেট পাওয়া অ্যান্ডারসন এবং তাঁর দুই সঙ্গী স্টুয়ার্ট ব্রড ও স্টিভেন ফিনের কাছে আজও অধিনায়ক কুক চাইবেন, ‘ভারতকে গুঁড়িয়ে দাও, বাকিটা আমরা সামলাব।’ ‘আমরা’ মানে কুক নিজে, ইয়ান বেল আর জোনাথন ট্রট। টুর্নামেন্ট শুরুর আগে নিজের দেশে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারতে দেখে অনেকেই হয়তো আশা ছেড়ে দিয়েছিলেন ইংল্যান্ডকে নিয়ে। তাদের ভুল প্রমাণ করে কুকরা ঠিকই চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। ‘নকআউট বিশ্বকাপ’ নামে দেড় দশক আগে শুরু এ টুর্নামেন্টের শেষ আসরের শেষ ম্যাচে কি কুকের দল পারবে সবাইকে আরেকবার ভুল প্রমাণ করতে?

পারলে ৫০ ওভারের ক্রিকেটে ‘ফাইনাল-জুজু’ তাড়ানো অধিনায়ক হিসেবে ইতিহাসে উঠবেন কুক। ধোনি ইতিহাসে ঢুকেই গেছেন এরই মধ্যে। ভারতকে ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছেন। তাঁর নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, টেস্ট র‌্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব। আইপিএল, চ্যাম্পিয়নস লিগ জয়ের পর অধিনায়ক হিসেবে আর বেশি কিছু জেতার নেই তাঁর। চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে যদি দেশে ফিরতে পারেন, ভারতের অবিসংবাদী সফলতম অধিনায়ক হয়ে যাবেন ধোনি! এএফপি।