অদলবদলের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই সময়টাই কি ফিরে এল আবার? দলে ঢুকতে কারও ভালো খেলার দরকার নেই। কেউ না কেউ তো খারাপ খেলবেই। তার জায়গাতেই ঢুকে পড়া যাবে! শুধু একটু অপেক্ষায় থাকা।পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটাতেই দেখুন, টি-টোয়েন্টি আর প্রথম দুই ওয়ানডে মিলেই কত না অদলবদল! নির্বাচকদের বা টিম ম্যানেজমেন্টকে দোষ দিয়ে লাভ নেই। একজনকে দিয়ে না হলে তো আরেকজনকে দিয়ে চেষ্টা করাতেই হবে।সেই চেষ্টা করতে করতে টি-টোয়েন্টি ও ওয়ানডের জন্য ১৫ সদস্যের দলের ১৪ জনই খেলে ফেলেছেন এই তিন ম্যাচে। বাকি শুধু পেসার নাজমুল হোসেন। কে জানে, নাজমুল বলেই হয়তো খেলা হয়নি এখনো। খেলি-খেলি করে শেষ পর্যন্ত না খেলে থাকাটা তো তাঁর নিয়তিই! আশা করা যায়, সেই নাজমুলও তৃতীয় ম্যাচে খেলে ফেলবেন।চোটের কারণে তামিম খেলতে না পারায় টি-টোয়েন্টিতে ইমরুলের সঙ্গে ইনিংস শুরু করেছিলেন নাঈম। অলক খেললেন তিন নম্বরে। প্রথম ওয়ানডেতে তামিম ফিরলেন, ইমরুল বাদ। টি-টোয়েন্টিতে স্কোয়াডেরই বাইরে থাকা শাহরিয়ার ওপেনিংয়ে, নাঈম তিন নম্বরে। এই দুই ম্যাচে অদলবদলের ঘটনা ঘটেছে আরও। টি-টোয়েন্টিতে খেললেও পুরো দলই বাজে ব্যাটিং করলেও প্রথম ওয়ানডেতে বাদ পড়ে সেটির মূল্য দিলেন শুধু অলক।গতকালের দ্বিতীয় ওয়ানডে অপেক্ষা করছিল আরও কিছু পরিবর্তন নিয়ে। ইমরুল আবার ফিরলেন। সঙ্গে ওয়ানডে অভিষেক হয়ে গেল ইলিয়াস সানির। এবার বাদ পড়ে গেলেন নাঈম, সঙ্গে তিন বছর পর ফেরা অলরাউন্ডার ফরহাদ রেজাও। এই ম্যাচে যা হলো, চট্টগ্রামের তৃতীয় ওয়ানডের একাদশ ঠিক করাও কঠিন হবে। টপ-অর্ডার নিয়ে সব অদলবদলই তো শেষ! কালও প্রথম তিন ব্যাটসম্যানের শোচনীয় ব্যর্থতার পর আর কী করার আছে?দলে আনা আর বের করার হিসাব মেলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তিন নির্বাচক এবং কোচ-অধিনায়ককে। প্রতি ম্যাচের আগের দিনই দেখা যাচ্ছে অনুশীলনের পর দীর্ঘ আলোচনা সভা। ‘কাকে বাদ দিয়ে কাকে নেওয়া যায়’ আলোচনার সঙ্গে সেখানে গুরুত্বপূর্ণ আলোচ্য হয়ে থাকছে ‘তিন নম্বরে কে খেলবেন’ প্রশ্নটাও। বাংলাদেশ দলের ব্যাটিং-অর্ডার বেশ লম্বা হলেও তিন নম্বরে খেলার ব্যাপারে সবার চূড়ান্ত অনাগ্রহ। সিরিজের তিন ম্যাচে তাই তিন নম্বরে খেলেছেন তিন ব্যাটসম্যান!প্রতি ম্যাচেই পরিবর্তন আনাটা মূলত টপ-অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতারই পরিণতি। কিন্তু পরিবর্তন করেও এমন কাউকে আনা যাচ্ছে না, যিনি আস্থার প্রতিদান দেবেন। প্রধান নির্বাচক আকরাম খানও স্বীকার করলেন তাঁদের অসহায়ত্ব, “সমস্যা মূলত দুই-তিন নম্বর নিয়ে। মুশফিক উইকেটকিপিং করে, সাকিবকে অনেক বল করতে হয়। তারা কেউ তিন নম্বরে আসতে রাজি নয়। অনেক আশা নিয়ে ওয়েস্ট ইন্ডিজে ‘এ’ দলের সঙ্গে যাদের পাঠিয়েছিলাম তারাও কেউ ভালো করতে পারেনি।”টানা ৪৪টি ওয়ানডে খেলার পর বাদ পড়েছিলেন ইমরুল। অথচ বাকিদের ব্যর্থতায় ধারাবাহিক ব্যর্থ সেই ইমরুলকে পরের ম্যাচেই ফিরিয়ে আনতে হলো। ঘরোয়া ক্রিকেটে টপ-অর্ডারে ভালো ব্যাটিং করা নাঈম জাতীয় দলেরও টপ-অর্ডারে ব্যাটিং করতে চেয়েছিলেন। তাঁর ইচ্ছার সঙ্গে মিলে গেছে কোচ-নির্বাচকদের চিন্তাভাবনা। সেই সঙ্গে ওয়ানডাউনে কারও খেলতে না চাওয়ার ব্যাপারটাও। কিন্তু নাঈম কি পারলেন সামর্থ্যের প্রমাণ দিয়ে সুযোগটা কাজে লাগাতে? এদিক দিয়ে বোধহয় অলকের প্রতি অবিচারই হলো। যে ম্যাচে সবাই বাজে ব্যাটিং করল, সেই ম্যাচে খারাপ করার জন্য কোপটা কেবল তার ওপরই কেন পড়বে? আকরামের যুক্তি, ‘আজকের (গতকালের) ম্যাচে অলককে নিলে আট নম্বরে খেলাতে হতো। কিন্তু অলক তো আট নম্বর ব্যাটসম্যান না। ও যে জায়গায় খেলে সেখানে তেমন সমস্যা নেই।’ তবে সমস্যা আছে মাহমুদউল্লাহর জায়গায়। যত দূর জানা গেছে, টি-টোয়েন্টিতে ২ আর প্রথম ওয়ানডেতে ১ রান করার পর সহ-অধিনায়কের জায়গা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। কালকের অপরাজিত ২০ রান তাঁর জন্যও তাই ‘লাইফ লাইন’! তিন ম্যাচে ১০, ১১ ও ১ রান করার পর অধিনায়ক মুশফিকুর রহিমেরও তো বাকিদের ব্যর্থতা সম্পর্কে বলার মুখ নেই। সাকিব আর নাসির ছাড়া কারই বা আছে!পারফরম্যান্স, ফিটনেস এবং অভিজ্ঞতা—এই তিনটা দিকই দেখা হয় দল গঠনের সময়। কিন্তু যেখানে প্রথম শর্তটাই পূরণ হচ্ছে না, বাকিগুলো নিয়ে কথা না বললেও চলছে। কাল আকরাম খানও বললেন, ‘আগে তো পারফরম্যান্স, তার পরই না অন্যকিছু। কেউ তো পারফর্মই করতে পারছে না!’বড় হতাশ শোনাল প্রধান নির্বাচকের কণ্ঠ।