অদৃষ্ট নয়, এই হার ব্যর্থতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারবার কেন এমন হতাশার চাদরে মুড়ে যেতে হয়, বলতে পারবেন মুশফিক? ছবি: শামসুল হক
বারবার কেন এমন হতাশার চাদরে মুড়ে যেতে হয়, বলতে পারবেন মুশফিক? ছবি: শামসুল হক

অনেকে এই মাসকে বাংলাদেশের খেলাধুলার জন্য ‘অপয়া’ মাস হিসেবে অভিহিত করছেন। একটার পর একটা ‘ক্লোজ হার’! প্রথমে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচে শেষ বলের দুঃখগাথা। এরপর আইএফএ শিল্ডের ফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের টাইব্রেকার বেদনা। অপয়া ব্যাপারস্যাপার তো বটেই। কিন্তু আজকের হারকে কী বলে সান্ত্বনা খুঁজবেন অদৃষ্টবাদীরা?

নিজের পায়ের কুড়াল মারা এক কথা, কিন্তু জলজ্যান্ত কুড়ালে পা দিয়ে বসলে সেটাকে কী অভিধায় অভিহিত করা যায়? টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়ে তাদের যে অবস্থার মধ্যে ফেলা গিয়েছিল (৬৮/৮) ওই অবস্থা থেকে প্রতিপক্ষের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ১৮০ রান উপহার দেওয়া আর ব্যাটিংয়ে ভালো অবস্থায় থেকে সে ম্যাচ ১৩ রানে হেরে যাওয়াকে কী অদৃষ্টের ইশারা বলবেন? এ তো ব্যর্থতা, স্রেফ ব্যর্থতা।

শ্রীলঙ্কার ইনিংসে একাধিক ক্যাচ পড়ে যাওয়াই তো অশুভের ইঙ্গিত দিয়েছিল। ক্রিকেটে ক্যাচ ফেলে দেওয়াকে তো তত্ত্ব দিয়ে ‘ম্যাচ ফেলে দেওয়া’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। থিসারা পেরেরার ইনিংসটির কথাই ধরুন। এই লঙ্কান যখন ব্যাটিংয়ে নামেন, তখন তাঁর দল মুখ বাঁচাতে জায়গার অন্বেষণ করছে। বাংলাদেশের বিপক্ষে ইতিহাসে প্রথমবার একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১০০-র নিচে গুটিয়ে যাওয়ার লজ্জার আশঙ্কা তখন যেন পেয়ে বসেছে শ্রীলঙ্কাকে। কিন্তু অমন একটি পরিস্থিতিতে বাংলাদেশ দলনায়ক লঙ্কানদের ওপর থেকে যেন ইচ্ছা করেই চাপটি সরিয়ে নিলেন। বল হাতে দারুণ ছন্দে থাকা সাকিবের ছয়টি ওভার যেখানে অব্যবহূত, সেখানে তিনি নিয়ে এলেন মাহমুদউল্লাহকে। অথচ, ওই সময় চাপ অব্যাহত রাখলে শ্রীলঙ্কার রান শেষ অবধি ১০০ পেরোয় কি না, সে সন্দেহটা কিন্তু থেকেই যায়।

এভাবে বলাটা বোধহয় ঠিক হলো না, মাহমুদউল্লাহর দোষ দিয়ে লাভ কী। ইনিংসের ঠিক ওই সময়টিতে যে বাংলাদেশের ফিল্ডারদের হাত হয়ে পড়েছিল প্রচণ্ড পিচ্ছিল। প্রথমে সোহাগ গাজী। পেরেরা তখন মাত্র ২ রান নিয়ে উইকেটে। আরাফাত সানির বলে লং অনে ফেলে দিলেন ক্যাচ। তার পরের বল দুটিতে সানিকে দুটো ছক্কা মেরে পেরেরা ফিরে পেলেন নিজের আত্মবিশ্বাস। আবার কিছু পরে প্রায় একই জায়গায় নাসির যেন হয়ে উঠলেন ফুটবলের গোলরক্ষক। গোলরক্ষকের মতোই ফিস্ট করে বল পাঠিয়ে দিলেন দড়ির ওপারে। তুলনামূলক কঠিন দুটো সুযোগও হেলায় হারালেন মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসান। যেখানে ১০০-ও হচ্ছিল না লঙ্কানদের। সেখানে ১৮০ করে তারা হয়ে পড়ল আত্মবিশ্বাসী। সেই আত্মবিশ্বাসের ঝড়ে ব্যাটিংয়ের সময় যেন নিজেদের হারিয়ে ফেলল বাংলাদেশ।

ব্যাটিংয়ের সময় প্রথমেই এনামুলের ফিরে যাওয়াটা বাদ দিলে অনেকটা সময় কিন্তু ম্যাচটা বাংলাদেশের হাতেই ছিল। শামসুর রহমান আর মুমিনুলের জুটিটির সময় মনে হচ্ছিল ম্যাচটা খুব সহজেই বাংলাদেশ জিতে যাবে। বিশেষ করে শামসুর রহমান যেভাবে খেলছিলেন, তাতে অনেক দর্শকই খেলাটা কত আগে বাংলাদেশ জিততে পারে, তার হিসেব কষে থাকতে পারেন। কিন্তু দুর্ভাগ্যের এক রান আউট শামসুরের বীরত্বপূর্ণ ইনিংসটির ইতি ঘটানোর পরপরই যেন বাংলাদেশের সাজানো বাগান এলোমেলো। সাকিবও যেন কিছুটা তাড়াহুড়ো করে রান আউট। নাসির, মাহমুদউল্লাহ আউট হলেন দৃষ্টিকটুভাবে। ব্যাট হাতে নিজের খারাপ সময়টা সবাইকে জানাতে যেন উদগ্রীব হয়ে ছিলেন সোহাগ গাজী। হঠাত্ করেই উত্সবের অপেক্ষায় থাকা দর্শকেরা বাংলাদেশকে দেখল খাদের একদম কিনারায়। একদিক আটকে দাঁড়িয়ে থাকা মুশফিকও যখন অমন একটি শট খেলতে গিয়ে উইকেটের পেছনে সাঙ্গাকারার দুর্দান্ত এক ক্যাচের শিকার, তখন বাংলাদেশের অদৃষ্টবাদী দর্শকদের সঙ্গে বাস্তববাদীদের তুমুল বিতর্ক। কোনো অদৃষ্ট-তদৃষ্ট নয় ম্যাচটা তো হাতে ধরেই শেষ করে দিল বাংলাদেশ।
১৪০ বলে প্রয়োজনীয় ৬৭ রানও যখন কোনো দল হাতে সাত উইকেট নিয়ে জিততে পারে না, তখন একে অবশ্যই অদৃষ্ট বলা চলে না।