চার টেস্টের সিরিজে প্রতিপক্ষ হোয়াইটওয়াশ। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে, দ্বিতীয় ম্যাচে জয়। আজ ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে ইংল্যান্ড দলে আরও ভালো করা নিয়ে আলোচনা। আর মহেন্দ্র সিং ধোনির ভারতের প্রার্থনা—ভাগ্যের সুদৃষ্টি, যদি কোনো অলৌকিক ছোঁয়ায় ঘুরে দাঁড়ানো যায়!সত্যিকার অর্থেই ভারতকে অদৃষ্টবাদী হতে হচ্ছে। চোট আর ভিসা-বিভ্রাট মিলে ভারত দলে বোলারের বড্ড অভাব। বিশ্বকাপে সার্থকভাবে পঞ্চম বোলারের কাজ করা যুবরাজ নেই। ভিসা-জটিলতায় রবীন্দ্র জাদেজা যেতে পারেননি এখনো। এদিকে পেস বোলারদের ব্যর্থতা পঞ্চম বোলারের প্রয়োজনটা আরও বাড়িয়ে দিয়েছে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক অসহায়ের মতো বলেছেন, ‘আমাদের ফাস্ট বোলাররা খুব দ্রুত নয়। তারা ১২৮ থেকে ১৩২ কিলোমিটার গতিতে বল করে। বল সুইং না করলে কাজটা তাদের জন্য কঠিন হয়ে পড়ে।’ দ্বিতীয় ওয়ানডে হয়েছে রোজ বোলে। এই মাঠের উইকেটে তবু সুইং ছিল। কিন্তু ওভালের উইকেটে গতি থাকলেও সুইং নেই বললেই চলে। এই উইকেটে ভারতের নিরীহ পেস বোলিং আজ ইংলিশ ব্যাটসম্যানদের আরও রান উৎসবে মাতাতে পারে! ধোনির নিয়তির দিকে না তাকিয়ে উপায় কী! ওয়েবসাইট।ধোনি যখন প্রার্থনারত, ভারতের বোলাররা যখন ত্রস্ত, ইংল্যান্ড দলে তখন উৎসব। উৎসব ভারতকে নাস্তানাবুদ করে চলার। ডার্নব্যাক ও ক্রেইগ কিসওয়েটারের আনন্দটা সবার চেয়ে একটু বেশিই হওয়ার কথা। ২০১০ ও ২০১১ মৌসুমের জন্য বোর্ডের চুক্তির আওতায় এসেছেন দুজনই।