অদ্ভুত অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার স্তেফান ইয়োভেতিচ জীবনে অনেক অনুরোধই পেয়েছেন, অনেকবারই হয়তো তাঁকে ঢেঁকিও গিলতে হয়েছে। কিন্তু এ রকম অদ্ভুত অনুরোধ কি কখনো পেয়েছেন? পশ্চিম লন্ডনের একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন দুদিন আগে। খাওয়ার পর ওয়েটারকে বললেন বিল দিতে। পেয়ে তো সিটি স্ট্রাইকারের চক্ষু চড়কগাছ! বিলের সঙ্গে সুন্দর করে একটা লাইন টাইপ করা, ‘দয়া করে লিভারপুলের সঙ্গে গোল করবেন না।’ ব্যাসরি নামের যে ওয়েটার এই অনুরোধটা করেছিলেন, তিনি যে লিভারপুলের সমর্থক সেটা না বললেও চলে। পরে ইয়োভেতিচ বিলের ছবিটা পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তাঁকে এ অনুরোধ করার অবশ্য কারণ আছে, লিভারপুলের সঙ্গে লিগে আগের দেখায় জোড়া গোল করেছিলেন এই সার্বিয়ান। সামনের মার্চে আবার দেখা হবে দুই দলের, তত দিন ইয়োভেতিচ অনুরোধটা মনে রাখলে হয়! মেইল অনলাইন।
ফেদেরারের ঘরেই
ক্যারিয়ারে অনেক প্রতিপক্ষের সঙ্গেই তো খেলেছেন। পারতপক্ষে কার সামনে দাঁড়াতে চান না রজার ফেদেরার? নিশ্চিতভাবেই অনেকে রাফায়েল নাদালের নাম বলবেন। মহাবিস্ময়ের বললেও কম বলা হবে, নাদাল নন, ফেদেরার বলেছেন স্ত্রী মিরকার কথা! ১৭ বারের গ্র্যান্ডস্লামজয়ীর ব্যাখ্যা, ‘ওর খেলায় দারুণ একটা ছন্দ আছে, আমার খেলায় অতটা নেই। আমি তো ছুটিতে ওর সঙ্গে টেনিস খুব একটা খেলিই না।’ মিরকা অবশ্য নিজেও পেশাদার টেনিস খেলোয়াড় ছিলেন, কিন্তু চোটের কারণে ক্যারিয়ারটা খুব তাড়াতাড়িই শেষ হয়ে যায়। তার পরও ফেদেরারের চেয়ে তাঁর স্ত্রীর খেলায় ছন্দ বেশি, এটাও কি বিশ্বাস করতে হবে? কথাটা বলার সময় অবশ্য ফেদেরার হাসছিলেন। কথাটা কি আসলেই সত্যি নাকি স্ত্রীকে খুশি করতে বলা, এই সংশয়টা তাই থাকলই। এএনআই।
এমন জার্সি!
জার্সিটা দেখে প্রথম দেখাতেই চোখে ধাঁধা লেগে যাওয়ার কথা। সবুজ-হলুদে মেশানো অদ্ভুত একটা শার্ট, যেন কচ্ছপের পিঠের কথা মনে করিয়ে দেয়। চিন্তা করুন, মাঠে ১১ জন খেলোয়াড় ঠিক এই রকম জার্সি পরে খেলছে! সুইডেনের ক্লাব হ্যামস্টাডের নতুন অ্যাওয়ে জার্সি এটা, যা দেখে ক্লাবের অধিনায়ক জেসপার ওয়েস্টারবার্গ রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। টুইটও করেছিলেন, ‘এটা কি কোনো রসিকতা? পিউমার নকশা বিভাগের মাথাটাথা খারাপ হয়ে যায়নি তো!’। পরে অবশ্য সেটা মুছে ফেলে সুরটা নরম করে বলেছেন, রংটা ক্লাবের সঙ্গে একদমই যায় না। অসন্তোষটা বোধ হয় এতেও বোঝা যাচ্ছে। গার্ডিয়ান।