অদ্ভুত উদ্যাপন!
এত বড় একটা জয়। কী করবেন তিনি নিজেই যেন বুঝে উঠতে পারছিলেন না। সেরেনা উইলিয়ামসকে হারানোর পর অদ্ভুত এক কাণ্ড করে বসলেন স্লোয়ান স্টিভেনস। ম্যাচ জেতার পর সেরেনার উষ্ণ আলিঙ্গন থেকে বেরিয়েই ছুটে গেলেন কোর্টের পাশে নিজের আসনে ব্যাগের দিকে। বের করলেন মোবাইল ফোন। এর পর খানিকক্ষণ কী যেন টেপাটেপিও করলেন। বলুন তো কী করছিলেন এই ১৯ বছর বয়সী মার্কিন তরুণী? নিজের টুইটারে ঢুকে দেখেছিলেন, কে কে জয়ের সঙ্গে সঙ্গে অভিনন্দনবার্তা পাঠিয়েছে তাঁকে!তাৎক্ষণিক সাক্ষাৎকারে স্টিভেনস জানিয়েছেন, তখনই ১৪৫টি বার্তা এসে জমা পড়েছে। বলেছেন, ‘আশা করব, আমার অনুসারী (টুইটারের ফলোয়ার) সংখ্যা আরও বাড়বে। ম্যাচের আগে তাঁর অনুসারী কত ছিল কে জানে। ম্যাচ শেষ হওয়ার পর পর সেটি ছিল ১৭ হাজার। পাঁচ ঘণ্টার মধ্যেই সেটা হয়ে হয়ে গিয়েছিল ৪১ হাজার! স্টিভেনস মনে করিয়ে দিয়েছেন তিনি এখনো ‘টিনএজার’। মনে করিয়ে দিয়েছেন, এই প্রজন্ম আসলে ফেসবুক আর টুইটার প্রজন্ম! ওয়েবসাইট।