
এই পা, এই বুট, কত কোটি মানুষের স্বপ্ন লুকানো এতে! কত হাসি, কত কান্নার সাক্ষী। লিওনেল মেসির সেই পা আর বুটের জন্য কী মমতা তাঁর এক ভক্তের!
পরশু আর্জেন্টিনার অনুশীলনে নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে ঢুকে পড়েছিলেন মেসির সেই ভক্ত। কুর্নিশ করার ভঙ্গিতে মেসির সামনে নুয়ে পড়েন তিনি। হাতে ধরা রুমালের মতো এক টুকরো কাপড় দিয়ে মুছে দেন মেসির পায়ের বুট।

ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যের ভেসপাসিয়ানো শহরে অনুশীলনের তাঁবু গেড়েছে আর্জেন্টিনা দল, রোজই সেখানে তাঁদের দেখতে হাজার মানুষের ভিড়। এদের মধ্যে আছে অনেক ব্রাজিল সমর্থকও। সবাই যে মেসিদের উষ্ণ অভ্যর্থনা দিচ্ছে, তা-ও কিন্তু নয়। ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল-বৈরিতার উত্তাপও ক্ষণে ক্ষণে টের পাচ্ছেন মেসিরা। ব্রাজিল-সমর্থকদের কেউ কেউ তো বিদ্রূপের সিটিও বাজিয়েছেন মেসিদের উদ্দেশে। তবে সব ছাপিয়ে বড় হয়ে উঠেছে ভক্তদের ভালোবাসাই। বেশ কয়েকজন তো নিরাপত্তার ঘেরাটোপ টপকে ঢুকে পড়েন মেসিদের অনুশীলনে। এঁদের মধ্যে সেই ছিলেন পাগল ভক্তও। লাল গেঞ্জি, কালো প্যান্ট পরা সেই ভক্তটি ঢুকেই দৌড়ে গিয়ে নুয়ে পড়েন মেসির সামনে, তাঁর বুট মুছে দেন পরম মমতায়। যেন বুঝিয়ে দিতে চান, এই বুটজোড়া তাঁদের কাছে কত মহামূল্যবান। এমন ভালোবাসায় আপ্লুত মেসিও। দুহাতে তুলে তাঁকে জড়িয়ে ধরেন, শুধু তা-ই নয়, নিরাপত্তাকর্মীরা ছিনিয়ে নেওয়ার আগে সেই ভক্তকে উপহার দেন একটা সোয়েটারও। সূত্র: বিদেশি পত্রপত্রিকা৷