অধরা ট্রফির সন্ধানে বেইলিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জ বেইলি
জর্জ বেইলি

বর্ষপঞ্জিতে গ্রীষ্ম আসতে এখনো সপ্তাহ চারেক বাকি। কিন্তু পঞ্জিকার পাতা ধরে এগোতে বয়েই গেছে প্রকৃতির। শীতের আবহ শেষ হয়ে গেছে বেশ আগেই, ঘরের বাইরে বের হলেই গায়ে বিঁধছে রোদের তাপ। তবে কাল ঢাকায় পা রেখে আগাম গ্রীষ্মের এই ঝাঁজ উপভোগই করার কথা অস্ট্রেলিয়ানদের। অস্ট্রেলিয়ান গ্রীষ্মকে বাংলাদেশে ছড়িয়ে দিতেই তো পরশু ঢাকায় পা রেখেছেন জর্জ বেইলিরা!

এমনিতেই সোনালি এক গ্রীষ্ম চলছে অস্ট্রেলিয়ানদের। আন্ডারডগ থেকে অ্যাশেজে ইংল্যান্ডকে ধবলধোলাই। ওয়ানডে সিরিজে ৪-১-এ জয়, টি-টোয়েন্টিতে ৩-০। দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট সিরিজ জয়, জয় টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচেও। বলাবলি হচ্ছে, এটাই সম্ভবত অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসের সেরা গ্রীষ্ম। সঙ্গে যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের অধরা শিরোপাও ধরা দেয়, ‘সম্ভবত’ শব্দটিও হয়তো আর থাকবে না। বেইলিরা তো চাইবেনই, বাংলাদেশের গ্রীষ্মে একাকার হয়ে যাক অস্ট্রেলিয়ান গ্রীষ্ম!

ক্রিকেট অস্ট্রেলিয়ার সমৃদ্ধ ট্রফি কেবিনেটে এই একটি ট্রফিই শুধু নেই। ৫০ ওভারের বিশ্বকাপের ট্রফি আছে চারটি, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি দুটি, তিনটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু আর এগিয়ে চলার সময়টা মিলে গেছে আসলে বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ান রাজত্বের সূর্যাস্তের সঙ্গে। তবে সেটিকে মাথায় রেখেও, চার-চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার একবারও শিরোপা না পাওয়াটা বড় একটা বিস্ময়ই।

সোনালি গ্রীষ্মের ছোঁয়ায় এবার সেই টি-টোয়েন্টি ধাঁধার জট খুলতে চান বেইলি, ‘এই ট্রফিটা জয়ের জন্য মুখিয়ে আছি আমরা। ৫০ ওভারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার যে গৌরবময় ইতিহাস, সেটার পুনরাবৃত্তি এখানেও করতে চাই। তার মানে এই নয় যে আগের আসরগুলোতে আমরা জিততে মরিয়া ছিলাম না। তবে আমরা জানি, এবার আমাদের ভালো সম্ভাবনা আছে। দলটা দারুণ, ফর্মেও আছি আমরা। যদিও জানি, জেতাটা সহজ হবে না, গ্রুপ পর্বেই এমন সব দল আছে যে প্রতিটি ম্যাচই বলতে গেলে নকআউট। তবে আমরা আত্মবিশ্বাসী।’

অস্ট্রেলিয়ার গ্রুপটি কঠিন বললে আসলে কমই বলা হয়। পাঁচ টপ ফেবারিটের চারটিই এই গ্রুপে। বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গী এখানে সাবেক দুই চ্যাম্পিয়ন। স্বাগতিক দলেরও সঙ্গী হওয়াটা প্রায় নিশ্চিতই। দুই গ্রুপের টুর্নামেন্টেও অতি উৎসাহী কেউ কেউ এটিকে ‘গ্রুপ অব ডেথ’ বলে ফেলছে। তবে অস্ট্রেলিয়ান ক্রিকেটের দৃষ্টিভঙ্গি সব সময়ই ব্যতিক্রমী। কাল বেইলিও সেটা বুঝিয়ে দিলেন, ‘কঠিন চ্যালেঞ্জ, সন্দেহ নেই। তবে আমরা দেখছি এভাবে, যদি গ্রুপ পর্ব পার হতে পারি, বুঝতে হবে দারুণ ক্রিকেট খেলছি। পরের ধাপগুলো তাই খুব সমস্যা হওয়ার কথা নয়।’

চিরায়ত অস্ট্রেলিয়ান মানসিকতা আছে। আছে টুর্নামেন্ট জয় করার সামর্থ্যও। কাগজে-কলমে টুর্নামেন্টের সবচেয়ে ব্যালান্সড দল সম্ভবত অস্ট্রেলিয়াই। অনেকের মতে, টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সব সময়ের সেরা স্কোয়াডও। বেইলি প্রসঙ্গটা এড়িয়ে গেলেও পরে উন্মুক্ত মিডিয়া সেশনে এসে ঘোষণার স্বরেই বলে দিলেন শেন ওয়াটসন, ‘আমি যতগুলো টি-টোয়েন্টি দলে ছিলাম, কোনো সন্দেহ নেই, এটিই সেরা। ব্যাটিং গভীরতা অনেক, ব্যাটে-বলে অনেক ম্যাচ উইনার। একাই ম্যাচ জেতানোর মতো ক্রিকেটারই আছে বেশ কজন।’

দলের মতো চ্যালেঞ্জ একটা আছে বেইলির নিজেরও। নেতৃত্বের শুরুর দিনগুলোয় অধিনায়ক হয়েও সত্যিকারের অধিনায়ক হতে খাবি খেতে হয়েছে তাঁকে। ক্রিকেট-বিশ্বজুড়ে কৌতূহলের ঝড়, ‘বেইলি হু?’, আর দলের ভেতরে সংশয়ের কালো মেঘ এমন একজনকে নেতা মেনে নিতে। পারফরম্যান্স দিয়েই পরে জয় করে নিয়েছেন নিজের জায়গা, সতীর্থদের মন। কালই যেমন ওয়াটসন-হোয়াইট-ফিঞ্চ শোনালেন অধিনায়ককে নিয়ে মুগ্ধতার কথা। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি আক্ষেপ ঘোচাতে পারলে দলের মতো দেশের ক্রিকেট ইতিহাসেও পোক্ত হয়ে যাবে বেইলির নামটা!