অধরা পদকের স্বাদ চায় বাস্কেটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন পর্যন্ত দক্ষিণ এশীয় গেমসে তিনবার অংশ নিয়েছে। প্রতিবারই বাংলাদেশ বাস্কেটবল দল হয়েছে চতুর্থ। এবার তারা পদক জিততে মরিয়া। ব্রোঞ্জ মোটামুটি নিশ্চিতই ধরে রাখা হয়েছে, সম্ভব হলে রুপার জন্য ঝাঁপাবে স্বাগতিক দল।এসএ গেমসে অংশ নেওয়া দলগুলোর ধারাবাহিক সংবাদ সম্মেলনে কাল সবার আগে এল বাস্কেটবল। আগের যেকোনো সময়ের চেয়ে বাস্কেটবল ফেডারেশনের কর্মকর্তাদের অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাল এ অনুষ্ঠানে। নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপকে সাম্প্রতিক সময়ে হারানোর অভিজ্ঞতা থেকে তাঁরা বলেছেন, দেশের মাটিতে এই দলগুলো বাংলাদেশের সামনে বাধা হতে পারবে না। বাধার নাম পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে ১৯৯৩ সাফের পর আর খেলেনি বাংলাদেশ। দলটি কী অবস্থায় আছে, সেটা বাংলাদেশ জানে না। তাই পাকিস্তানকে হারিয়ে রুপা জয়ের স্বপ্ন থাকলেও মুখে সেটা বলেননি কর্তারা। ভারত তো ধরাছোঁয়ার বাইরে—সোনার স্বপ্ন দেখার সাহসই নেই বাংলাদেশের। আগে শুধু সেনা ও নৌবাহিনীর খেলোয়াড়দের নিয়েই গড়তে হতো বাস্কেটবল দল। কাল ঘোষিত ১২ সদস্যের এসএ গেমস দলে আছেন বিকেএসপি, পুলিশ, বিডিআরের খেলোয়াড়েরাও। এদিকটিকে দেশের বাস্কেটবলে দিনবদলের ইঙ্গিত হিসেবেই দেখাতে চাইলেন ফেডারেশন সম্পাদক এ কে সরকার, ‘দলে নতুন খেলোয়াড় আসছে। এটা ইতিবাচক দিক। সবকিছু মিলিয়ে এবার আমরা পদক জয়ের ব্যাপারে খুবই আশাবাদী।’ কোচ ওয়াসেদ আলীর চোখে, এবারই প্রথম টানা এক বছরের অনুশীলন গোটা দলকে পদক জেতার সামর্থ্য এনে দিয়েছে।উশুর প্রত্যাশা সোনা: মার্শাল আর্টের অন্যতম সংস্করণ উশুতে মোট সোনা ১০টি। তার মধ্যে দুটি সোনা জিততে পারে বাংলাদেশ! ঠিক ঘোষণা নয়, চীনা কোচকে পাশে বসিয়ে সংবাদ সম্মেলনে নিজেদের এই প্রত্যাশা জানালেন স্থানীয় কোচ আলমগীর শাহ ভূঁইয়া।কুস্তির চাওয়া বেশি নয়: বাস্কেটবলের মতো অধরা পদক ছোঁয়ার চ্যালেঞ্জ নেই কুস্তির সামনে। বাংলাদেশের দু-তিনটি ব্রোঞ্জ মোটামুটি নিশ্চিত। রুপা আসতে পারে একটি। ৯৬ কেজি ওজন শ্রেণীতে এটি জিততে পারেন বিল্লাল হোসেন। অবশ্য তিনি সোনার লড়াইও দিতে তৈরি বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।