প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দল জিতেছে, সিরিজ সমতায় শেষ হয়েছে। দেশের বাইরে সাত বছরের অপরাজেয় ধারাটা ধরে রাখা গেছে। দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এই জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক গ্রায়েম স্মিথ। একমাত্র ইনিংসে ২৩৪ রান, ক্যারিয়ারের পঞ্চম ডাবল সেঞ্চুরি, স্মিথই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। টেস্টে অধিনায়ক হিসেবে এই নিয়ে ১১ বার ম্যান অব দ্য ম্যাচ হলেন প্রোটিয়া অধিনায়ক। পাকিস্তানের ইমরান খানকে টপকে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ হওয়া অধিনায়ক এখন স্মিথ। ১৯৮২ থেকে ১৯৯২ পর্যন্ত পাকিস্তানকে ৪৮টি টেস্টে নেতৃত্ব দিয়ে ১০ বার ম্যাচসেরা হয়েছিলেন ইমরান। ইমরানকে টপকাতে স্মিথকে অবশ্য খেলতে হয়েছে ১০৪ ম্যাচ। এ দুজনের পরই আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার (৯৩ ম্যাচে ৯ বার)।