অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা মুশফিকের
মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। আজ জিম্বাবুয়ের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ হারার পরই তিনি এ ঘোষণা দিলেন। তবে তিনি জিম্বাবুয়ে সফরের বাকি দুটো টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়ক হিসেবে থাকছেন। সফর শেষে তাঁর এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে।এর আগে ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পর দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সাকিবের নেতৃত্বে ওই সময় ওয়ানডে ও টেস্ট দুটো সিরিজেই হেরেছিল বাংলাদেশ। এর পরই মুশফিককে অধিনায়ক করা হয়। তবে এবার টেস্ট সিরিজ ড্র করলেও একদিনের সিরিজ ২-১ হেরে যায় মুশফিক বাহিনী।২০১১ সালের ২০ সেপ্টেম্বর মুশফিকুর রহিমকে বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়। ওই বছরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে তাঁর অধিনায়কত্বের অভিষেক। আর অভিষেকেই পান জয় ও ম্যাচ-সেরার পুরস্কার।অধিনায়ক হিসেবে মুশফিক১০টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেন মুশফিক, যার একটিতে জয় (চলতি সফরে জিম্বাবুয়ের বিপক্ষে), সাতটিতে হার এবং দুটি ম্যাচ ড্র হয়। মুশফিক বাংলাদেশকে ২৪টি একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়ে নয়টিতে জয় এনে দেন। তবে এ সময় বাংলাদেশ হারে ১৪টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। তাঁর নেতৃত্বে বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১২টি। এর মধ্যে বাংলাদেশ জয় পায় পাঁচ ম্যাচে আর হারে সাতটিতে।