অধিনায়কত্বে মোহ নেই মিসবাহর!
জিম্বাবুয়ের কাছে টেস্টে হার। ভিত্তিই নড়ে গেছে পাকিস্তান ক্রিকেটের। ‘গেল গেল’ রব উঠেছে, পাকিস্তানের ক্রিকেটে এখন পরিবর্তনের ডাক। কোচ ডেভ হোয়াটমোর তো বটেই, সমালোচকদের তিরে বিদ্ধ অধিনায়ক মিসবাহ-উল-হকও। এ দুজনকে সরিয়ে দলের খোলনলচে পাল্টে দেওয়ার দাবিও উঠেছে। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হওয়া মানেই যেন জেনেশুনে ডুবন্ত নৌকার মাঝি হওয়া। মিসবাহ সেটা ভালোই জানেন। আর জানেন বলেই কাল পাকিস্তানি অধিনায়ক বলে দিলেন অধিনায়কত্ব থাকুক বা না থাকুক, তাতে কিছু আসে যায় না। শুধু যেকোনো ভূমিকায় দলে অবদান রাখতে পারলেই হলো।
চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির বাছাইপর্ব খেলে কালই ফয়সালাবাদ উলভসকে নিয়ে ভারত থেকে দেশে ফিরেছেন মিসবাহ। লাহোরে ফেরার পর ভারতেও বাজে সময় কাটানো মিসবাহকে কথা বলতে হলো অধিনায়কত্ব নিয়ে। তিনি কখনোই যেচে অধিনায়ক হতে চাননি জানিয়ে বললেন, বোর্ড যে সিদ্ধান্তই নিক, তিনি মেনে নেবেন, ‘আমি কখনো অধিনায়ক হতে চাইনি কিংবা দাবিও করিনি। এখনো অধিনায়কত্ব নিয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তাদের যেকোনো সিদ্ধান্তই আমার কাছে গ্রহণযোগ্য। আমাকে জাতীয় দলের অধিনায়ক করা হয়েছিল, আমার জন্য বেশ সম্মানের ছিল ব্যাপারটা। আমি আমার সর্বোচ্চ চেষ্টাই করেছি। তাই আমি কোনো চাপ নিচ্ছি না। বোর্ডের সিদ্ধান্ত যা-ই হোক, আমি মেনে নেব।’
সামনেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কঠিন এক সিরিজ। হতশ্রী চেহারার পাকিস্তান কি পারবে লড়তে? আবারও হতে পারেন ওয়ানডে অধিনায়ক, এই গুঞ্জনের মধ্যেই সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বললেন খুবই সম্ভব পাকিস্তানের ঘুরে দাঁড়ানো, প্রয়োজন শুধু মনমানসিকতায় পরিবর্তন আনা। আফ্রিদির কাছে ‘দেশকে নেতৃত্ব দেওয়াটা সব সময়ই সম্মানের’, আর এই সম্মানের কাজটা করার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়াবে পাকিস্তান, এমন বিশ্বাস আতশি কাচের নিচে থাকা কোচ ডেভ হোয়াটমোরেরও। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হেরে ‘লজ্জিত’ হলেও দলের ওপর পূর্ণ আস্থা আছে এই অস্ট্রেলীয়র, ‘পাকিস্তান দলের ওপর আমার আস্থা আছে। আপনি বলতে পারেন না যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের কোনো সুযোগ নেই। কন্ডিশনটা তো পুরোই অন্য রকম।’
হোয়াটমোরের আস্থা অধিনায়ক মিসবাহর ওপরও। তাঁর প্রশংসা করে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো কোচ একহাত নিয়েছেন সমালোচকদের। এএফপি, ওয়েবসাইট।