তিন বছর আগে অপরাজিত ছিলেন ৯৯ রানে। কাল সেঞ্চুরি করে অতৃপ্তিটা ঘোচালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। কাল ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সেঞ্চুরিটা ক্লার্কের ক্যারিয়ারের অষ্টম, অধিনায়ক হিসেবে পঞ্চম। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া অধিনায়কদের রেকর্ডই সবচেয়ে ভালো। ১৯৭৭ সালে প্রথম সেঞ্চুরিটি করেছিলেন গ্রেগ চ্যাপেল। ক্লার্কের পূর্বসূরি রিকি পন্টিংয়ের আছে চারটি সেঞ্চুরি, তিনটি করেছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে করেছেন দুটি করে। ভারত, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কদেরও সেঞ্চুরি আছে। আয়ারল্যান্ডের উইলিয়াম পোর্টারফিল্ড তো আগের ওয়ানডেতেই করলেন। শুধু পাকিস্তান, বাংলাদেশ বা জিম্বাবুয়ের কোনো অধিনায়কেরই ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি নেই।