অধিনায়ক কুকের পাঁচে পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যালিস্টার কুকের শিরা-উপশিরায় রক্তের বদলে শুধুই শীতল বরফ জমা হয়ে আছে? অবস্থাদৃষ্টে তো তা-ই মনে হচ্ছে। ক্রিকেটে অধিনায়কত্ব মানেই অন্তহীন চাপ, অথচ আশ্চর্য ব্যতিক্রম ইংল্যান্ড অধিনায়ক। ব্যাট হাতে রানের বন্যা বইয়ে অনেক বিখ্যাত ব্যাটসম্যান অধিনায়ক হওয়ার পর চুপসে গেছেন। কুক বরং অধিনায়ক হয়ে ব্যাটটাকে বানিয়েছেন খোলা তরবারি। প্রতিনিয়ত ‘খুন’ করে চলেছেন প্রতিপক্ষকে।২০১০ সালে অ্যান্ড্রু স্ট্রাউস বিশ্রাম চাওয়ায় বাংলাদেশ সফরে অধিনায়ক হয়ে এসেছিলেন কুক। এর আগে একটি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করলেও পূর্ণাঙ্গ সিরিজ সেবারই প্রথম। ওই সফরে তিন ওয়ানডের প্রথম দুটিতে ফিফটি করার পর চট্টগ্রামে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক। সেটিকে স্মরণীয় করে রাখলেন ১৭৩ রানের বড় ইনিংস খেলে। চট্টগ্রামের পর ঢাকায় দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০৯। স্থায়ীভাবে অধিনায়কত্ব পেয়ে কুকের রানক্ষুধা যেন আরও বেড়েছে। চলতি ভারত সফরে আহমেদাবাদে ১৭৬, মুম্বাইয়ে ১২২ ও কলকাতায়ও ১৩৬ (অপরাজিত)।অধিনায়ক কুকের ‘বয়স’ খুব বেশি নয়। কলকাতা টেস্টসহ পাঁচটি টেস্টে অধিনায়কত্ব করছেন, কী আশ্চর্য ধারাবাহিক দেখুন, পাঁচ টেস্টেই পেয়েছেন সেঞ্চুরি! অধিনায়কত্বের যেকোনো পর্যায়ে টানা সেঞ্চুরির রেকর্ড থেকে মাত্র এক ম্যাচের দূরত্বে দাঁড়িয়ে ২৭ বছর বয়সী এই বাঁহাতি। ১৯৩৭ ও ১৯৩৮ সালে টানা ছয় টেস্টে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়ার সময় ডন ব্র্যাডম্যান ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। তবে তা অধিনায়ক ব্র্যাডম্যানের প্রথম ছয় টেস্ট ছিল না। কুক এই জায়গাতেই আলাদা। অধিনায়ক হিসেবে প্রথম পাঁচ টেস্টে সেঞ্চুরি করে কুক নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়, এখানে তিনি অদ্বিতীয়।