অধিনায়ক খুঁজছে অস্ট্রেলিয়া
চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার পরের ম্যাচেই ফিরতে পারেন ব্রেট লি। বিশ্রাম শেষে শুক্রবারের ওই ম্যাচে ফিরবেন মাইক হাসিও। তবে ওই ম্যাচে অস্ট্রেলিয়া পাচ্ছে না তাদের অধিনায়ককে। গত সোমবার ভারতের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে গ্যাবায় খেলতে পারবেন না মাইকেল ক্লার্ক। রোববার পরের ম্যাচে ভারতের বিপক্ষেও খেলতে পারবেন কি না, সেটা জানা যাবে দু-এক দিনের মধ্যে।ক্লার্কের চোট অবশ্য একটা সমস্যার সমাধান করে দিয়েছে। হাসির বিশ্রামের সুযোগে পরশু ভারতের বিপক্ষে অভিষেকেই ৬৬ রান করেছেন পিটার ফরেস্ট। হাসি ফেরার পর একাদশের বাইরে থাকবেন কে, এটা নিয়ে আপাতত ভাবতে হচ্ছে না। তবে আরেকটা সমস্যা তৈরি হয়েছে। দলকে নেতৃত্ব দেবেন কে? নিয়মিত সহ-অধিনায়ক শেন ওয়াটসন চোটের কারণে দলে নেই। টেস্ট সিরিজের ভারপ্রাপ্ত সহ-অধিনায়ক ব্র্যাড হাডিন ছিলেন না প্রথম তিন ওয়ানডের দলে। ম্যাথু ওয়েডের যা পারফরম্যান্স, তাতে হাডিনের দলে ফেরার সম্ভাবনা কমই। শুক্রবারের ম্যাচের অধিনায়কের নাম জানা যাবে আজই। সঙ্গে জানা যাবে পরের কয়েক ম্যাচের দলও। ওয়েবসাইট।