
অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস নিজেই বলেছিলেন দক্ষিণ আফ্রিকা এবার ‘আন্ডারডগ’। সেই আন্ডারডগ দক্ষিণ আফ্রিকার পিছু নিয়েছে চোট। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে অধিনায়ক ডু প্লেসিস ও দলের প্রধান বোলার ডেল স্টেইনের খেলা অনিশ্চিত। হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন দুজনই। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া স্টেইন গত মঙ্গলবার বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামলেও উঠে যান মাত্র ২.২ ওভার বোলিং করেই। পরশু পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতেই পারেননি। প্রথম ম্যাচের জন্য স্টেইনকে ফিট করে তুলতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফিজিওথেরাপিস্ট। ডু প্লেসিসের খেলার সম্ভাবনাও ৫০-৫০। তবে দুজনের জন্যই কাল ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করবে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ডু প্লেসিস যদি খেলতে না-ই পারেন, দলকে নেতৃত্ব দেবেন ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। এএফপি।