অধিনায়ক পন্টিং অধ্যায়ের শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর অধিনায়ক জীবনের বড় অংশজুড়ে আছে মার্চ। ২০০২ সালের মার্চে অভিষেক হয়েছিল ওয়ানডে অধিনায়ক হিসেবে। ২০০৪ সালের মার্চে পেয়েছিলেন টেস্ট অধিনায়কত্ব। আরেকটি মার্চে কাগজ-কলমে সর্বকালের সবচেয়ে সফল ক্রিকেট অধিনায়ক রিকি পন্টিং বিদায় বলে দিলেন। কাল সিডনিতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়কের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই ৩৬ বছর বয়সী। অবশ্য ওয়ানডে এবং টেস্ট দুই ধরনের ক্রিকেট এখনো খেলে যাবেন বলেও জানিয়ে দিয়েছেন ১২৩৬৩ টেস্ট ও ১৩২৮৮ ওয়ানডে রানের মালিক।এমন একটা ঘোষণা আসতে পারে, অনুমান করা হচ্ছিল। পন্টিং আরেকটু ভেবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশ সফরের দল ঘোষণা করা হবে বলে আজকের মধ্যেই সিদ্ধান্ত জানাতে হতো। সিদ্ধান্ত নিতে দোদুল্যমান ছিলেন পন্টিং। অবশেষে সব দ্বিধা ঝেড়ে ফেললেন। ২০০২ সালের ২২ মার্চ জোহানেসবার্গের ওয়ানডে দিয়ে শুরু হয়েছিল যে যাত্রা, নয় বছর পেরিয়ে আরেকটি মার্চে জানিয়ে দিলেন, অস্ট্রেলিয়ার অধিনায়কের পদে আর থাকছেন না। বাংলাদেশ সফর থেকেই নতুন অধিনায়ক বেছে নিতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। নতুন অধিনায়কের নাম আজই ঘোষণা করার কথা ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। পন্টিং নিজে উত্তরসূরি হিসেবে বলেছেন মাইকেল ক্লার্কেরই নাম।স্টিভ ওয়াহর কাছ থেকে ২০০২ সালে ওয়ানডে এবং ২০০৪ সালে টেস্ট নেতৃত্ব বুঝে নেন পন্টিং। ওয়াহর অপরাজেয় দলটিকে নিয়ে সাফল্যের এভারেস্ট পাড়ি দিয়েছেন। ওয়াহর অনেক রেকর্ডও ভেঙেছেন অধিনায়ক হিসেবে। তাঁর নেতৃত্বেই অধরা চ্যাম্পিয়নস ট্রফিটি জেতে অস্ট্রেলিয়া। ক্লাইভ লয়েডের পর প্রথম অধিনায়ক হিসেবে জিতেছেন দুটো বিশ্বকাপ। দুটো শিরোপা জেতার পথেই অস্ট্রেলিয়া ছিল অপরাজেয়। একই সঙ্গে অস্ট্রেলিয়ার পতনও শুরু তাঁর নেতৃত্বেই। তিনবার অ্যাশেজ হেরেছেন। এর মধ্যে সর্বশেষ দুটো অ্যাশেজ টানা।কাল আবেগাপ্লুত পন্টিং অবশ্য বললেন, ‘আশা করি, আমাকে শুধু সেই অধিনায়ক হিসেবেই মনে রাখা হবে না, যে তিনটা অ্যাশেজ হেরেছে। আমার ক্যারিয়ারে আরও অনেক বড় বড় অর্জন আছে। আমি সেসবই মনে রাখতে চাই।’ ক্যারিয়ারজুড়ে বিভিন্ন সময় সমালোচনা তাঁর হূদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে, ‘হাস্যকর লাগে যখন আমরা তিনবার অ্যাশেজ হেরে যাওয়া নিয়ে কথা বলি। কিন্তু বিশ্বকাপজয়ী একটা দলে খেলা, টানা ১৬ টেস্ট জয়, বিশ্বকাপে টানা ৩০টির মতো ম্যাচ জয় নিয়ে কথা হয় সামান্যই। আসলে আমরা যে পৃথিবীতে বাস করি, সেটার চেহারাটাই বুঝি এমন।’এই সিদ্ধান্ত নিতে সিএর চাপ ছিল না বলেই জানিয়েছেন সব মিলে ৩২২টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দেওয়া পন্টিং, ‘আমরা বিশ্বকাপ জিততে পারিনি, এটাই মূল কারণ। সবাইকে জানিয়ে দিতে চাই, এই সিদ্ধান্ত এককভাবে আমি নিয়েছি।’অধিনায়কের ভারমুক্ত থেকে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল ব্যাটসম্যানটি আরও ভালো খেলতে পারবেন বলে মনে করেন। পন্টিং নিজে দুই দিন আগে বলেছিলেন, ক্যারিয়ারে ‘টেন্ডুলকারীয় পুনর্জন্ম’ চান। কালও বললেন, ‘এটা আমার জন্য একটা নতুন শুরু। ভবিষ্যতের কথা ভেবে আমি রোমাঞ্চিত। নতুন অধিনায়কের প্রতি পূর্ণ সমর্থন থাকবে আমার। সতীর্থ আর উঠতি ক্রিকেটারদের সামনে আমি আদর্শ রেখে যেতে চাই।’সেই নতুন অধিনায়ক হিসেবে তিনি ডেপুটি ক্লার্কের নামই বলেছেন, ‘ও যখনই অধিনায়কের দায়িত্ব পেয়েছে, দুর্দান্ত কিছু করে দেখিয়েছে। নেতৃত্বের ভূমিকায় ও বেড়েও উঠেছে। পরবর্তী অধিনায়ক হিসেবে আমি মাইকেল ক্লার্কের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছি।’ ‘আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ নিয়ে এখনি ভাবছি না। ২০১৩ অ্যাশেজে খেলা, ইংল্যান্ডে গিয়ে আরেকটি সিরিজ জিতে আসার সম্ভাবনাও বাতিল করে দিচ্ছি না’—বিদায় বেলায় বলেছেন পন্টিং। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।