অধিনায়ক-মেলা

ম্যাচ চারটি, অধিনায়ক তিনজন! অবিশ্বাস্য হলেও সত্যি, ১৯৮৮ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছিলেন তিনজন! প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে চোট পেয়ে টুর্নামেন্টই শেষ হয়ে গেল অধিনায়ক রঞ্জন মাদুগালের। পরের ম্যাচে ভারতের বিপক্ষে টস করলেন অর্জুনা রানাতুঙ্গা। কিন্তু সেই ম্যাচে চোটে পড়লেন রানাতুঙ্গাও। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নেতৃত্ব দিলেন তাই পেসার রবি রত্নায়েকে। চোট থেকে ফিরে ফাইনালে ভারতের বিপক্ষে আবার টস করতে নামলেন রানাতুঙ্গা।
ক্যারিয়ারঘাতী চোট
অভিষেক ওয়ানডেতে পোলক-ডোনাল্ডদের বিপক্ষে করেছিলেন ৪৮ বলে ৫৫। উইকেটের সামনে-পেছনে মিলিয়ে সম্ভাবনাময় এক প্রতিভা ছিলেন সাবা করিম। সম্ভাবনার অপমৃত্যু ঢাকার মাঠে। ২০০০ এশিয়া কাপে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অনিল কুম্বলের বাড়তি বাউন্সের এক ডেলিভারি গিয়ে লাগে উইকেটকিপার সাবা করিমের ডান চোখের খুব কাছে। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন সাবা। চেন্নাইয়ের প্রখ্যাত শেখর নেত্রালয়ে চোখে অস্ত্রোপচারও করা হয় দ্রুত। মাস দুয়েক পর ক্রিকেটে ফেরেন, ওই বছরই নভেম্বরে বাংলাদেশের সেই একই মাঠে টেস্ট অভিষেক। কিন্তু ওই আঘাতের পর চোখের স্বাভাবিক দৃষ্টি আর ফিরে পাননি। ২০০১ সালে সব ধরনের ক্রিকেটই ছেড়ে দিতে বাধ্য হন।
তরুণ-বুড়ো
২০০৪ এশিয়া কাপে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হংকংয়ের। বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচে হংকংকে নেতৃত্ব দিলেন ৪৩ বছর বয়সী রাহুল শর্মা। পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে ১৬ বছর বয়সে অভিষেক হলো নাদিম আহমেদের। অর্থাৎ, অধিনায়কের সঙ্গে নাদিমের বয়সের ব্যবধান ছিল প্রায় ২৭ বছর!
ভুলোমনা অধিনায়ক
বৃষ্টি-বাদল নেই, নেই দর্শক গোলযোগ বা টিভি সম্প্রচারে সমস্যাও। ২০০৪ এশিয়া কাপে ভারত-শ্রীলঙ্কা সুপার ফোরের ম্যাচ তবু শুরু হতে দেরি হয়েছিল সাত মিনিট। কারণ, ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী একাদশের তালিকায় ভুল করে (!) হরভজন সিংয়ের জায়গায় আশিস নেহরার নাম লিখে ফেলেছিলেন! প্রতিপক্ষ অধিনায়ক মারভান আতাপাত্তু পরে হরভজনকেই নামানোর অনুমতি দেন।

চিরতরুণ
৩৯তম জন্মদিনে কোথায় পরিবারের সবাইকে নিয়ে অবসর কাটাবেন, আয়েশ করবেন, তা নয়। সনাৎ জয়াসুরিয়া কচুকাটা করলেন বাংলাদেশ বোলারদের। ২০০৮ এশিয়া কাপে করাচিতে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করলেন ৫৫ বলে!