অধিনায়ক মেসির দিকে সবার চোখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭৩ যোগ ৩০, যোগ ২৬। ক্লাবের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা তিন আর্জেন্টাইন ফরোয়ার্ডের মোট গোল ১২৯! আলেসান্দ্রো সাবেলা ঠিক করেছেন, তিন ফরোয়ার্ডকেই নামিয়ে দেবেন মাঠে। দেখা যাক, লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো আর গঞ্জালো হিগুয়েইনকে নিয়ে গড়া ত্রিফলাকে কীভাবে সামলায় ইকুয়েডর!বিশ্বকাপ বাছাইপর্বে আজ রিভার প্লেট স্টেডিয়ামে ইকুয়েডরের মুখোমুখি আর্জেন্টিনা। শক্তি মাপলে ইকুয়েডরকে হারাতে আর্জেন্টিনার বেগ পাওয়ার কথা নয়। যদিও সেই রহস্যময় গোলকধাঁধায় আটকে আছে আর্জেন্টিনা। এত এত ভালো সব খেলোয়াড় কেন জানি জাতীয় দলে একসঙ্গে ঝলসে উঠতে পারেন না। বাছাইপর্বেও এবার চার ম্যাচের দুটোতেই হোঁচট। ভেনেজুয়েলার কাছে হার, এরপর নিজেদের মাঠে বলিভিয়ার মতো দলের সঙ্গে ১-১ ড্র! কলম্বিয়ার বিপক্ষেও বাছাইপর্বের চতুর্থ ম্যাচে পা হড়কাতে বসেছিল। ৬০ মিনিট পর্যন্ত ০-১ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনাকে উদ্ধার করেন মেসি আর আগুয়েরো।দুটো জয়, একটি ড্র আর একটি পরাজয়—চার ম্যাচে ৭ পয়েন্ট। দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে উরুগুয়ে আর ভেনেজুয়েলার সঙ্গে যৌথভাবে শীর্ষে আছে আর্জেন্টিনা। উরুগুয়ে অবশ্য একটা ম্যাচ কম খেলেছে। ২০১৪ বিশ্বকাপের স্বাগতিক হওয়ায় বাছাইপর্ব খেলতে হচ্ছে না ব্রাজিলকে। বাকি দলগুলোর জন্য এটা সুখবর। কারণ, এবার দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সর্বোচ্চ ছয়টি দল অংশ নেওয়ার সুযোগ পাবে বিশ্বকাপে। ব্রাজিলের পাশাপাশি বাছাইপর্বের শীর্ষ চারটি দল যাবে চূড়ান্ত পর্বে। পঞ্চম দলটি প্লে-অফে খেলে পেতে পারে জায়গা।গতবার বাছাইপর্বের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল আর্জেন্টিনাকে। এবার অবশ্য সাবেলা কথা দিয়েছেন দলকে পাল্টে দেবেন। পাল্টে দেওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে নেতৃত্বভার দিয়েছেন মেসিকে। মেসিও ধীরে ধীরে জাতীয় দলে গোলের ধারায় ফিরছেন। সর্বশেষ দুই ম্যাচে আর্জেন্টিনার জার্সি গায়ে তাঁর চার গোল! এর মধ্যে ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিকও আছে। বাছাইপর্বেও চার ম্যাচের দুটিতে গোলের দেখা পেয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।ক্লাবের হয়ে এবার গোলের নতুন বিশ্ব রেকর্ড গড়া মেসির ওপর তাই আলাদা চোখ থাকবে সবার। দলের রাইট ব্যাক পাবলো জাবালেতা অবশ্য দাবি করছেন, একা মেসির দিকে তাকিয়ে নেই তাঁরা, ‘দলে লিও (মেসি), পিপা (হিগুয়েইন) আর কুনের (আগুয়েরো) মতো খেলোয়াড় থাকা মানে আপনি সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা পাবেন। আক্রমণভাগে আমরা মহা শক্তিধর। এটাই আমাদের জাতীয় দলের মূল শক্তি। আশা করছি তারা সুযোগ পাবে, ইকুয়েডরকে উড়িয়ে দেবে।’আজ মাঠে নামছে আরও দুটো দল। ২০১১ কোপা আমেরিকাজয়ী, ফিফা র‌্যাঙ্কিংয়ের ৩ নম্বর দল উরুগুয়ে খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। বলিভিয়ার মুখোমুখি হবে চিলি। আগামীকাল পেরুর মাঠে গিয়ে খেলবে পেকারম্যানের কলম্বিয়া। এই ম্যাচ দিয়ে আবারও কোনো জাতীয় দলের দায়িত্বে ফিরছেন আর্জেন্টিনাকে নিয়ে ২০০৬ বিশ্বকাপে যাওয়া হোসে পেকারম্যান। রয়টার্স।