অধিনায়ক যখন কাঠগড়ায়
একেই বলে ভারত-পাকিস্তান ম্যাচ! রীতিমতো থ্রিলার। শুরু থেকে শেষ পর্যন্ত পেন্ডুলামের মতো দুলে গেল ম্যাচের ভাগ্য। ৪০ ওভারের শ্বাসরোধী উত্তেজনা শেষে ১ রান, মাত্র একটি রানই ব্যবধান হয়ে দাঁড়াল জয়-পরাজয়ের। শেষ বলে জিতল পাকিস্তান।দাঁড়ান, দাঁড়ান এটি আবার কোন ম্যাচের কথা হচ্ছে! গত পরশু প্রেমাদাসায় না নিরপেক্ষ দর্শকদের প্রত্যাশাকে বুড়ো আঙুল দেখিয়ে একেবারেই একপেশে হলো ভারত-পাকিস্তান ম্যাচ! তিন ওভার বাকি থাকতে ৮ উইকেটে জিতল ভারত।দুটিই সত্যি। ভারতের ৮ উইকেটে জয় যেমন, তেমনি পাকিস্তানের ১ রানে জয়ও। প্রতিশোধ নিতে একদমই সময় নেয়নি পাকিস্তান। তবে সেটি নিয়েছেন পাকিস্তানের মেয়েরা!গত দুটি আসরের মতো এবারও ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে ছেলে আর মেয়েদের খেলা হচ্ছে একই সঙ্গে। গত পরশু কলম্বোতে হেরেছে মোহাম্মদ হাফিজের দল। পরদিনই অর্থাৎ গতকাল গলে সেটির প্রতিশোধ নিয়েছে সানা মীরের দল।ম্যাচের ফলাফলের মতো মোহাম্মদ হাফিজ আর সানা মীর নাম দুটিও এখানে পুরো বিপরীত অর্থ বহন করছে। দুই অধিনায়কের মধ্যে মিল আছে। দুজনই ওপেনার, দুজনই স্পিনার। পারফরম্যান্সে অবশ্য বিপরীত। সানা মীর ৩৮ বলে ২৬ রান করে পাকিস্তানের ৯ উইকেটে ৯৮ রানের ইনিংসে সর্বোচ্চ স্কোরার। পরে ৪ ওভার বোলিং করে ২৭ রানে ১ উইকেট নেন।যেখানে ভারতের বিপক্ষে মোহাম্মদ হাফিজের পারফরম্যান্স এমনই এক ধাঁধা যে, কাল সারা দিন সেটি নিয়েই তুমুল আলোচনা। বোলিং করেছেন মাত্র ১ ওভার। ৭ রান দিয়ে কোনো উইকেট নেই। তবে আসল কাণ্ড তো ব্যাটিংয়ে। হাফিজের ২৮ বলে ১৫ রানের ইনিংসটির সঙ্গে তুলনা হচ্ছে ১৯৭৫ বিশ্বকাপে সুনীল গাভাস্কারের ৬০ ওভার খেলে অপরাজিত ৩৬-এর। ভিন্ন সময়, ভিন্ন ফরম্যাট—কিন্তু একই রকম অবিশ্বাস্য!হাফিজের ইনিংসটি নিয়ে কাটাছেঁড়াটা আরও বেশি হচ্ছে সেটির সম্ভাব্য সুদূরপ্রসারী তাৎপর্যের কথা ভেবে। এটিই পাকিস্তানের সেমিফাইনালের পথে কাঁটা বিছিয়ে দিল না তো! টি-টোয়েন্টি বিশ্বকাপে যেটিকে পাকিস্তান নিয়মই বানিয়ে ফেলেছিল। প্রথম দুটি টুর্নামেন্টের ফাইনালেই ছিল, গতবার সেমিফাইনালে মাইক হাসির অবিশ্বাস্য এক ইনিংস টানা তৃতীয় ফাইনালে উঠতে দেয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সফলতম দল এবার সুপার এইটেই বিদায় নিলে মোহাম্মদ হাফিজকে নিশ্চিত কাঠগড়ায় দাঁড়াতে হবে।সেমিফাইনাল-টাইনালের ব্যাপার না থাকলেই বা কী! ভারত-পাকিস্তান ম্যাচে এমন ‘অপরাধী’র এমনিতেই কোনো ক্ষমা নেই। চেতন শর্মা ক্যারিয়ারে আর যা কিছুই করুন না কেন, ভারতীয় সমর্থকদের কাছে তাঁর পরিচয় একটাই—শারজায় জাভেদ মিয়াঁদাদকে ফুলটস করে ছক্কা খেয়ে এই লোকটাই ভারতকে হারিয়ে দিয়েছিল! মিসবাহ-উল-হকের নাম শুনলেই পাকিস্তানি সমর্থকেরা বলেন, ‘আমাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপটা জিততে দেয়নি ওর ওই অবিবেচক স্কুপ।’মিসবাহর দিন ফুরোনোর পর পাকিস্তানের টেস্ট ও ওয়ানডে অধিনায়কত্বও মোহাম্মদ হাফিজই পাবেন বলে একরকম ঠিক হয়ে আছে। কে জানে, পরশুর ২৮ বলে ১৫ রানের ইনিংসটা তা নিয়েও প্রশ্ন তুলে দিল কি না! এমনিতেই পাকিস্তানের অধিনায়কত্ব আর বাংলাদেশের শেয়ারবাজার প্রায় একই রকম স্থিতিশীল। তার ওপর আবার অমন ‘পাপ’! কদিন আগে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর হাফিজের অধিনায়কত্ব নিয়ে ধন্য-ধন্য পড়ে গিয়েছিল। পাকিস্তান দলটাকে কেমন টগবগে করে তুলেছেন, সেটির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন কোচ ডেভ হোয়াটমোরও। অথচ একটা পরাজয়েই হাফিজের অধিনায়কত্ব নিয়ে অনেক প্রশ্ন উঠে গেছে। প্রথম প্রশ্ন হলো—প্রেমাদাসায় সুপার এইটের আগের তিনটি ম্যাচেই পরে ব্যাটিং করা দল জিতেছে। তার পরও কেন টসে জিতে ব্যাটিং নিলেন?হাফিজ যে যুক্তি দিচ্ছেন, তাতে আবার স্ববিরোধিতা খুঁজে পাওয়া যাচ্ছে। ভারত ম্যাচের আগে এক সাংবাদিক বোলিংকে পাকিস্তানের শক্তিশালী দিক বলায় তীব্র প্রতিবাদ করেছিলেন, ‘আমাদের কোনো একটা বিভাগ বেশি শক্তিশালী নয়। বোলিং যেমন শক্তিশালী, ব্যাটিংও তা-ই। বোলিং যেমন আমাদের ম্যাচ জিতিয়েছে, ব্যাটিংও জিতিয়েছে।’ অথচ ভারতের কাছে হারার পর প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করতে সেই হাফিজই বললেন, ‘পরে বোলিং করতে চেয়েছি, কারণ বোলিংই আমাদের দলের মূল শক্তি। সব সময়ই তা-ই ছিল, এটা নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই।’ এ নিয়ে আসলেই কারও মনে সংশয় নেই। কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যে দুই রকম কথা চিন্তাশীলতার জন্য হাফিজের ‘প্রফেসর’ পরিচিতি নিয়ে প্রশ্নের জন্ম তো দিচ্ছেই।অস্ট্রেলিয়া মোটামুটি নিশ্চিত, সুপার এইটের ২ নম্বর গ্রুপের বাকি তিন দলেরই অগ্নিপরীক্ষা আজ। মহেন্দ্র সিং ধোনিও চাপে আছেন, এবি ডি ভিলিয়ার্স তো চাপে চিড়েচ্যাপ্টাই! তবে ‘অগ্নিপরীক্ষা’ কথাটা বোধ হয় মোহাম্মদ হাফিজের ক্ষেত্রেই বেশি যাচ্ছে! কারণ ওই ২৮ বলে ১৫!