অধিনায়ক লাম
দল দুর্দান্ত খেলছে, অসাধারণ খেলছেন নিজেও। অধিনায়কের আর্মব্যান্ডটা যেন ফিলিপ লামের সেরাটা বের করে এনেছে। জার্মানির এই তরুণ দলটাকে একসূত্রে গেঁথেছেন, নিজেও আছেন ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে। কিন্তু খুব বেশিদিন তো আর নেই। আর মাত্র দুটি ম্যাচ, এর পরই তো আর অধিনায়ক থাকছেন না লাম!লামের নিজের ও দলের অসাধারণ পারফরম্যান্সে সবাই যেন ভুলেই গেছে দলের বিখ্যাত একটি নাম দলের বাইরে আছেন। দলটার আসল অধিনায়কও তিনি, মাইকেল বালাক। লামকে বলা যায় ভারপ্রাপ্ত অধিনায়ক। ইনজুরিতে বালাক বাইরে চলে যাওয়ার পর অধিনায়ক হিসেবে লামের পাশাপাশি নাম এসেছিল মিরোস্লাভ ক্লোসারও। তবে অনিশ্চিত ফর্মের জন্য ক্লোসাকে না করে লামকেই অধিনায়ক করা হয়। ইনজুরি কাটিয়ে বিশ্বকাপের পরই হয়তো ফিরবেন বালাক, আর্মব্যান্ডটাও তাই লামকে তখন ফিরিয়ে দিতে হবে।তবে ভারপ্রাপ্ত হিসেবে লামের যা পারফরম্যান্স, তাতে অধিনায়ক হিসেবে থেকে যাওয়ার দাবি তিনি করতেই পারেন। লাম তা করছেনও। বিল্ডকে দেওয়া সাক্ষাৎকারে এই ডিফেন্ডার বলেছেন, ‘অধিনায়কের ভূমিকাটা আমাকে দারুণ সন্তুষ্টি এনে দিয়েছে। এটা অসাধারণ। কেন আমি এটা ফেরত দিতে চাইব?’ স্পেনের বিপক্ষে আজকের সেমিফাইনালটি জার্মানির জার্সি গায়ে লামের ৭১তম ম্যাচ। ২৬ বছর বয়সী এই ডিফেন্ডারের চেয়ে সাত বছরের বড় বালাক খেলেছেন ৯৮ ম্যাচ। ইনজুরি আর তরুণদের উত্থান মিলিয়ে বালাকের আন্তর্জাতিক ভবিষ্যৎটাই অবশ্য এখন অনিশ্চিত। তবে বালাক ফিরলে নিজের অধিনায়কত্ব যে অনিশ্চিত, লাম বুঝতে পারছেন এটাও, ‘আর্মব্যান্ড আমি রেখে দিতেই পছন্দ করব। আমি আরও দায়িত্ব চাই। তবে সময়ই বলবে কী হয়, দেখা যাক।’ এএফপি।