অধিনায়ক শচীনের ব্যর্থতার নেপথ্যে
গোটা ক্যারিয়ারে একজন ব্যাটসম্যান যা যা অর্জনের স্বপ্ন দেখেন, ৩৭ বছর বয়সে তার প্রায় সবই পেয়ে গেছেন শচীন টেন্ডুলকার। একের পর এক অপরের রেকর্ড ভেঙেছেন, কখনো বা নিজের রেকর্ডটাই ভেঙে নতুন করে গড়েছেন। ক্যারিয়ারজুড়ে কেবল সফলতা আর সফলতা। বর্ণাঢ্য ক্যারিয়ারের মধ্যেও একটা ব্যর্থতা কিন্তু আছে ক্রিকেটের এই বরপুত্রের, তা হচ্ছে অধিনায়ক হিসেবে সফল হতে না পারা।অধিনায়ক হিসেবে নিজের ব্যর্থতা নিয়ে মাথাব্যথা নেই শচীনের। কথাবার্তা থেকে কোনো আক্ষেপ আছে বলেও মনে হয় না। এত প্রাপ্তির মধ্যে একটু অপ্রাপ্তি তো থাকতেই পারে! তবে সেই অপ্রাপ্তির বিষয়টি মাঝেমধ্যেই টেনে আনেন সাবেকরা। অনেক সময় মিডিয়ার চাপাচাপিতেও এ নিয়ে কথা বলতে বাধ্য হন তাঁরা।ভারতের একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের কথাই ধরুন। ১৯৯৯ সালে শচীনকে যখন দ্বিতীয় মেয়াদে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়, তখন ভারতীয় দলের কোচ হিসেবে ছিলেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই কপিল বলছেন, ‘ও সব সময় নিজেকে নিয়েই থাকত। কখনোই নির্বাচকদের বলত না, এই খেলোয়াড়কে আমি চাই বা এই খেলোয়াড়কে আমি চাই না। নির্বাচকদের পছন্দের দল নিয়েই মাঠে নামত শচীন।’শচীনের এই মনোভাবের কারণটাও বলেছেন কপিল, ‘আমরা অনেক সময় শচীনকে পরামর্শ দিতাম, যাও, তোমার পছন্দের কথা বলো। কিন্তু ও কখনোই তা বলত না। কারণ ওর বিশ্বাস ছিল, সেরা দল বাছাইয়ের দায়িত্বটা নির্বাচকদেরই।’২৫টি টেস্টে নেতৃত্ব দিয়ে শচীন ভারতকে জয় এনে দিয়েছেন মাত্র চারটিতে, হার নয়টিতে। এর মধ্যে রয়েছে ১৯৯৯ সালে অস্ট্রেলিয়া সফরে ৩-০তে হোয়াইটওয়াশ হওয়ার গ্লানি। ওয়ানডেতেও অধিনায়ক শচীনের ব্যর্থতার পাল্লাটাই ভারী। ৭৩টি ওয়ানডের মধ্যে জয় মাত্র ২৩টিতে, আর হার ৪২টিতে! ওয়েবসাইট।