অধিনায়ক সাকিব, সহ-অধিনায়ক তামিম
মাশরাফি ইনজুরিতে। নেতৃত্ব কার কাঁধে যাচ্ছে, তা অনেকটা জানাই ছিল। সহ-অধিনায়ক নির্বাচন নিয়ে সিদ্ধান্তহীন থাকায় অধিনায়কের নাম ঘোষণায় বিলম্ব করছিলেন নির্বাচকেরা। তবে দেরিতে হলেও ক্রিকেটপ্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটল আজ। সাকিব আল হাসানকে অধিনায়ক, আর তামিম ইকবালকে সহ-অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু বিশ্বকাপ নয়, এ দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে পুরো ২০১১ সালের জন্যই।গত সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় দীর্ঘ আলোচনার পরও দলের অধিনায়ক, সহ-অধিনায়কের নাম চূড়ান্ত করতে পারেনি বিসিবি। তবে ওই সভায় সাকিবকে অধিনায়ক করার ব্যাপারে একমত হয় বোর্ড। আর উইকেটরক্ষক মুশফিকুর রহিম ও উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের মধ্যে একজনকে সহ-অধিনায়ক করার ব্যাপারে আলোচনা হয়। শেষ পর্যন্ত অধিনায়ক করা হলো সাকিবকেই। আর সহ-অধিনায়ক তামিম ইকবাল। মাঝে একটু নাটকীয়তা হলো, এই যা!