অধিনায়ক স্মিথের ১০০
সবচেয়ে বেশি টেস্টে দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটা আগে থেকেই গ্রায়েম স্মিথের। এবার সেই রেকর্ডটাকেই নতুন এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। ১ ফেব্রুয়ারি জোহানেসবার্গে পাকিস্তানের বিপক্ষে টস করতে নামলেই ১০০ টেস্টে অধিনায়কত্ব করা প্রথম ক্রিকেটার হয়ে যাবেন স্মিথ।তবে, শুধুই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে জোহানেসবার্গেই ‘সেঞ্চুরি’ পাচ্ছেন না ২০০৩ সালে অধিনায়কত্ব পাওয়া স্মিথ। আগের ৯৯ ম্যাচের একটিতে যে আবার আইসিসি বিশ্ব একাদশের নেতৃত্বে ছিলেন এই বাঁহাতি ওপেনার। ম্যাচটি হয়েছিল ২০০৫ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। দেশের হয়ে সেঞ্চুরি পেতে কেপটাউনে দ্বিতীয় টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাঁকে।১০৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে মাত্র আটটি ম্যাচেই অধিনায়ক ছিলেন না দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের এক ক্রান্তিকালে দলের দায়িত্ব পাওয়া ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। ২০০৩ বিশ্বকাপে নিজ দেশে আয়োজিত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বাজে ফলই মাত্র ২২ বছর বয়সে অধিনায়ক করেছিল স্মিথকে। সেই ক্রান্তিকাল থেকে তো দলকে বের করেছেনই, স্মিথের নেতৃত্বেই এখন টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে প্রোটিয়ারা। ওয়েবসাইট।