অধিনায়ক হতে প্রস্তুত রুনি

নেমানিয়া ভিদিচ থাকছেন না সামনের মৌসুমে। ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন অধিনায়ক হবেন কে? একই সঙ্গে প্রশ্ন, ৩৩ পেরিয়ে যাওয়া ইংল্যান্ড অধিনায়ক স্টিভেন জেরার্ড বিশ্বকাপের পর যদি বিদায় বলে দেন? ইংল্যান্ড অধিনায়কের আর্মব্যান্ড উঠবে কার হাতে?
দুটি প্রশ্নের উত্তরই পাওয়া যাচ্ছে ইনসাইড ইউনাইটেড সাময়িকীকে দেওয়া ওয়েইন রুনির সাক্ষাৎকারে, ‘আমি ক্লাবে বেশ কয়েকবার অধিনায়কত্ব করেছি। কোচ আমাকে অধিনায়ক হিসেবে চাইলে আমার আপত্তি নেই। আমি প্রস্তুত।’
ভিদিচ ইন্টার মিলানের সঙ্গে চুক্তি সেরে নেওয়ার পর আগামী মৌসুমে ইউনাইটেডের নতুন অধিনায়ক লাগবে—এটা নিশ্চিত। তবে ইংল্যান্ড জাতীয় দলে নতুন অধিনায়ক বেছে নিতে হবে কি না, সেটি বলার সময় এখনো আসেনি। বিশ্বকাপ খেলে জেরার্ড বিদায় নেবেন এমন কোনো আভাস যে পাওয়া যায়নি এখনো। তবে সুযোগ এলে রুনি প্রস্তুত বলেই জানাচ্ছেন, ‘দেশের অধিনায়কত্ব করা দারুণ সম্মানের। ক্লাবের মতো এটাও নির্ভর করেছে কোচের ওপর। আমি নিশ্চিত, জাতীয় দলে এ পদের বেশ কয়েকজন দাবিদার আছে।’
রুনির কথায় বোঝা যাচ্ছে, ক্লাব ও জাতীয় দলের অধিনায়ক হতে তাঁর আগ্রহের কমতি নেই। তবে শেষ পর্যন্ত কোথাও অধিনায়ক হতে না পারলেও নাকি আফসোস থাকবে না ইংলিশ স্ট্রাইকারের, ‘আমি অধিনায়ক হই আর না হই, মাঠে এখন যেমন সরব আছি, তেমনই থাকব। আমি সব সময় চেষ্টা করি খেলোয়াড়দের সাহায্য করতে। আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ ওয়েবসাইট।