অধিনায়ক হিসেবে নিজেকেই বেছে নেব: ধোনি
মহেন্দ্র সিং ধোনির পর ভারতের পরবর্তী অধিনায়ক কে হবেন, এমন প্রশ্ন উঠেছে বেশ জোরেশোরেই। সদ্য শেষ হওয়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের শিরোপাজয়ী দলের অধিনায়ক গৌতম গম্ভীরকে যোগ্য হিসেবে বিবেচনা করছেন অনেকেই। আজ রোববার এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন ধোনি নিজেও। আর ভারতের অধিনায়ক হিসেবে নিজেকে ছাড়া আর কাউকেই ভাবতে পারেন না বলে জানিয়েছেন ভারতের অন্যতম সফল এই অধিনায়ক।কাশ্মীরের শ্রীনগরে একটি সামরিক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এমন কথা বলেছেন ধোনি। তিনি বলেছেন, ‘এই সিদ্ধান্ত নেওয়ার ভার আমার ওপর কখনোই আসবে না। আর যদি আমাকে বেছে নিতে বলা হয়, তাহলে আমি নিজেকেই বেছে নেব।’ তারপর তিনি যোগ করেছেন, ‘এখন পর্যন্ত অনেকের কথাই বিবেচনা করা হচ্ছে। বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর ও বিরাট কোহলি আমাদের দলে আছে।’বীরেন্দর শেবাগ অনেক দিন ভারতের সহঅধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ধোনির সঙ্গে। পরে গৌতম গম্ভীরকে দেওয়া হয়েছিল ভারতের সহঅধিনায়কের দায়িত্ব। আর এই বছরের শুরুতে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপে ধোনির সহকারী হিসেবে দেখা গিয়েছে বিরাট কোহলিকে।— পিটিআই