অধিনায়ক হয়ে ফিরলেন মিসবাহ
সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছর সেপ্টেম্বরে চ্যাম্পিয়নস ট্রফিতে, টেস্ট এ বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সংক্ষিপ্ততম সংস্করণের দল থেকেও বাদ পড়ার পর বলেছিলেন, আগামী বছর ক্রিকেটই ছেড়ে দেবেন। সেই মিসবাহ-উল-হক গত পরশু ফিরেছিলেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে। কাল টেস্ট দলে ফিরলেন অধিনায়ক হয়ে। যথেষ্টই বিস্ময়কর খবর, তবু বাক্যটার শেষে বিস্ময়সূচক চিহ্ন বসানো যাচ্ছে না দলটা পাকিস্তান বলে। এ বছর পাকিস্তানের চার নম্বর টেস্ট অধিনায়ক মিসবাহ, অবাক করছে না তাই এই তথ্যও। দুটি টি-টোয়েন্টি ও পাঁচ ওয়ানডে শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের দুই টেস্টের সিরিজ শুরু ১২ নভেম্বর। এবার পাকিস্তানের ‘হোম’ সংযুক্ত আরব আমিরাত।পাকিস্তান টেস্ট দলে চমক আছে আরও। ফিরেছেন বাঁহাতি ওপেনার তৌফিক ওমর, যাঁর সর্বশেষ টেস্ট চার বছর আগে, সাড়ে পাঁচ বছর আগে সর্বশেষ ওয়ানডে। ফিরেছেন দুই পেসার মোহাম্মদ সামি ও সোহেল তানভিরও। মিসবাহর অধিনায়ক হয়ে যাওয়াটা অবশ্যই বিস্ময়ের। তবে ইংল্যান্ড সফরে সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির স্পট ফিক্সিং বিতর্কে জড়িয়ে সাময়িক নিষিদ্ধ হওয়ার পর পাকিস্তান দলে বাকি পরিবর্তনগুলো প্রত্যাশিতই ছিল। আরও একটা চমকের অপেক্ষায় ছিল অনেকেই। আগের দিন ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করা হলেও অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। তবে কাল আফ্রিদিকেই ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে বহাল রেখে জল্পনার অবসান ঘটিয়েছে পিসিবি।২০০১ সালে মার্চে অভিষেক, তবে দলে আসা-যাওয়ার মধ্যেই থেকে সাড়ে নয় বছরে টেস্ট খেলতে পেরেছেন মাত্র ১৯টি। এর ১৪টিই ২০০৭ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার পুনরুজ্জীবিত হওয়ার পর। ২০০৭ সালে ভারতে টানা দুই টেস্টে সেঞ্চুরি করেছিলেন। তবে এর পরের ১৬ ইনিংসে মাত্র ৩টি ফিফটি করার পর আবার বাদ পড়েন। পাকিস্তান ক্রিকেটের ধারা মেনে মিসবাহকে অধিনায়ক করার সিদ্ধান্তেও খুঁজে পাওয়া যাচ্ছে বিতর্কের গন্ধ। ক্রিকইনফোকে প্রধান নির্বাচক মহসিন খান বলেছেন, ‘অধিনায়ক নির্বাচনে নির্বাচক কমিটির কোনো হাত ছিল না।’ দল নিয়েও কোনো মন্তব্য করতে চাননি তিনি। আরেক নির্বাচক আবার বলেছেন, ‘এ ছাড়া আর উপায়ই বা ছিল কী? মিসবাহর তো অন্তত ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করার দীর্ঘ অভিজ্ঞতা আছে।’ ঘরোয়া ক্রিকেটে সুই নদার্ন গ্যাস পাইপলাইন লিমিটেডের অধিনায়ক মিসবাহ। শোয়েব মালিক অধিনায়ক থাকার সময় তাঁর ডেপুটিও ছিলেন। ২০০৮ এশিয়া কাপে ভারতের বিপক্ষে শোয়েবের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়ে পাকিস্তানকে জিতিয়েছিলেন ৬২ বলে অপরাজিত ৭০ করে।পাকিস্তান টেস্ট দল: ইমরান ফারহাত, তৌফিক উমর, আসাদ শফিক, মোহাম্মদ ইউসুফ, মিসবাহ-উল-হক (অধিনায়ক), উমর আকমল, আজহার আলী, সাঈদ আজমল, দানিশ কানেরিয়া, আবদুর রেহমান, জুলকারনাইন হায়দার, উমর গুল, তানভির আহমেদ, মোহাম্মদ সামি, ওয়াহাব রিয়াজ, সোহেল তানভির (ফিটনেস সাপেক্ষে)। ওয়েবসাইট।